রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার দুপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৪১ মিনিটে ময়মনসিংহের ভালুকা এলাকায় উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪। যদিও এটিকে স্বল্পমাত্রার কম্পন হিসেবে উল্লেখ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে ভূমিকম্প বিশেষজ্ঞদের অনেকে বিষয়টিকে ভবিষ্যতের বড় দুর্যোগের সতর্কবার্তা হিসেবে দেখছেন। ভূমিকম্প পর্যবেক্ষণ […]
ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার দুপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৪১ মিনিটে ময়মনসিংহের ভালুকা এলাকায় উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪। যদিও এটিকে স্বল্পমাত্রার কম্পন হিসেবে উল্লেখ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে ভূমিকম্প বিশেষজ্ঞদের অনেকে বিষয়টিকে ভবিষ্যতের বড় দুর্যোগের সতর্কবার্তা হিসেবে দেখছেন।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের পরিচালক রুবাইয়াৎ কবীর জানিয়েছেন, এমন মৃদু কম্পন বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রায়ই ঘটে থাকে এবং তাৎক্ষণিক আতঙ্কের কারণ নেই। তবে দেশের শীর্ষ ভূতত্ত্ববিদ ও প্রকৌশল বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন ছোট ছোট কম্পন ভূগর্ভে জমে থাকা বিশাল শক্তির ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি বাড়াচ্ছে।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেশি-বিদেশি গবেষকদের যৌথ এক গবেষণাতেও বাংলাদেশের উচ্চ ভূমিকম্প ঝুঁকির বিষয়টি উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এমন এক ভূতাত্ত্বিক অঞ্চলে অবস্থিত যেখানে ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মা মাইক্রোপ্লেটের সংঘর্ষ চলমান। প্রতি বছর ইন্ডিয়ান প্লেট কয়েক সেন্টিমিটার করে উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে অন্য প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে বড় ধরনের ভূমিকম্প না হওয়ায় ওই ফল্টলাইনে বিপুল চাপ জমে আছে।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী সতর্ক করে বলেছেন, ১০০ থেকে ১৫০ বছরের মধ্যে এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হয়নি। ফলে জমে থাকা শক্তি যেকোনো সময় ভয়াবহ আকারে প্রকাশ পেতে পারে। তার মতে, বাংলাদেশে ৭ দশমিক ৫ বা তারও বেশি মাত্রার ভূমিকম্প ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
তিনি তুরস্ক, হাইতি ও চিলির উদাহরণ টেনে বলেন, ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে দুর্বল ভবন ধসে পড়ার কারণে। শক্তিশালী নির্মাণব্যবস্থা থাকলে বড় কম্পনেও ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়। তাই বাংলাদেশে এখনই বিদ্যমান ভবনের কাঠামোগত মূল্যায়ন ও ঝুঁকিভিত্তিক শ্রেণিবিন্যাস জরুরি বলে তিনি মত দেন।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশের অভ্যন্তরে সরে আসছে। আগে যেখানে কম্পনের উৎপত্তি বেশি হতো আসাম, নেপাল বা মিয়ানমারে, এখন সিলেট, চট্টগ্রাম, নরসিংদী কিংবা ঢাকার আশপাশের এলাকাও ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে দেশের অভ্যন্তরীণ ফল্টলাইনগুলো আরও সক্রিয় হয়ে উঠছে।
এছাড়া বাংলাদেশের নরম পলিমাটিও বড় ঝুঁকির কারণ হিসেবে দেখছেন ভূতত্ত্ববিদরা। তাদের মতে, এই ধরনের মাটি ভূমিকম্পের কম্পনকে আরও তীব্র করে তোলে। ফলে মাঝারি মাত্রার ভূমিকম্পও বড় ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।
সবচেয়ে বেশি উদ্বেগের কেন্দ্র এখন রাজধানী ঢাকা। অপরিকল্পিত নগরায়ণ, সরু রাস্তা, ঘনবসতি এবং বিল্ডিং কোড না মেনে নির্মিত হাজার হাজার ভবনের কারণে বড় ভূমিকম্প হলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, পুরান ঢাকাসহ রাজধানীর অনেক এলাকায় ভবন ধস, অগ্নিকাণ্ড এবং উদ্ধারকাজে চরম বাধা তৈরি হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর প্রস্তুতি না নিলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানি ও অবকাঠামোগত বিপর্যয়ের মুখে পড়তে পারে বাংলাদেশ।