যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ওয়াশিংটনের ঐতিহ্যবাহী কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম যুক্ত করে করা পুনঃনামকরণকে আইনবহির্ভূত ঘোষণা করে তাঁর নাম অপসারণের নির্দেশও দিয়েছেন আদালত। শুক্রবার দেওয়া এক রায়ে ডিস্ট্রিক্ট জজ ক্রিস্টোফার কুপার বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করা যুক্তরাষ্ট্রের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ওয়াশিংটনের ঐতিহ্যবাহী কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম যুক্ত করে করা পুনঃনামকরণকে আইনবহির্ভূত ঘোষণা করে তাঁর নাম অপসারণের নির্দেশও দিয়েছেন আদালত।
শুক্রবার দেওয়া এক রায়ে ডিস্ট্রিক্ট জজ ক্রিস্টোফার কুপার বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করা যুক্তরাষ্ট্রের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আগামী ১৪ দিনের মধ্যে প্রতিষ্ঠানটির নাম থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলতে হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী শুধু ভবনের নামফলকই নয়, বরং সেন্টারের বহির্ভাগ, ডিজিটাল প্ল্যাটফর্ম, সাইনবোর্ড, প্রচারসামগ্রী এবং সব ধরনের সরকারি নথি থেকেও ট্রাম্পের নাম অপসারণ করতে হবে।
রায়ে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির মূল নাম ‘জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস’ পুনর্বহাল করা হবে। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই নামেই কেন্দ্রটির যাত্রা শুরু হয়েছিল।
বিচারক কুপার তাঁর ৯৪ পৃষ্ঠার রায়ে উল্লেখ করেন, কেনেডি সেন্টার প্রতিষ্ঠার আইনে স্পষ্টভাবে বলা আছে যে প্রতিষ্ঠানটির নাম প্রেসিডেন্ট কেনেডির নামেই থাকবে। সেই নাম পরিবর্তনের ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে। আদালত মন্তব্য করে, “কংগ্রেস কেনেডি সেন্টারের নাম দিয়েছে, আর কেবল কংগ্রেসই সেই নাম পরিবর্তন করতে পারে।”
গত বছর ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনের বিভিন্ন সরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পুনর্ব্র্যান্ডিং কর্মসূচির অংশ হিসেবে কেনেডি সেন্টারের নামের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করার উদ্যোগ নেয়। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প কেন্দ্রটির পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আনেন। কয়েকজন ট্রাস্টিকে অপসারণ করে তিনি নিজেও ট্রাস্টি হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন।
এর ধারাবাহিকতায় গত ডিসেম্বরে পরিচালনা পর্ষদ কেন্দ্রটির নতুন নাম ঘোষণা করে—“দ্য ডোনাল্ড জে. ট্রাম্প অ্যান্ড জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস”। সিদ্ধান্তের পরদিনই ভবনের সম্মুখভাগে নতুন নামের অক্ষর স্থাপন করা হয়।
তবে নাম পরিবর্তনের পর থেকেই শিল্পী, সংস্কৃতিকর্মী এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়। কয়েকজন নির্ধারিত শিল্পী তাদের অনুষ্ঠান বাতিল করেন। পাশাপাশি কেন্দ্রটির টিকিট বিক্রিও উল্লেখযোগ্যভাবে কমে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।
এদিকে ট্রাম্প প্রশাসন কেনেডি সেন্টারে সংস্কারকাজের পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখার যে উদ্যোগ নিয়েছিল, আদালত সেটিও স্থগিত করেছে। ফলে কেন্দ্রটির কার্যক্রম আপাতত স্বাভাবিকভাবেই চলবে।
সূত্র: বিবিসি।