চীনের জিনজিয়াং অঞ্চলের মরুভূমিতে নির্মাণাধীন এক বিশাল সামরিক স্থাপনার ছবি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক উপগ্রহচিত্রে দেখা গেছে, বিস্তীর্ণ মরুভূমির মাঝে অষ্টভুজাকৃতির একটি বড় সামরিক কমপ্লেক্স গড়ে তুলছে বেইজিং, যেখানে একাধিক বাঙ্কার, ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাড এবং অন্যান্য সামরিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্সের বিশ্লেষিত উপগ্রহচিত্রে দেখা যায়, একটি […]
ছবি: সংগৃহীত
চীনের জিনজিয়াং অঞ্চলের মরুভূমিতে নির্মাণাধীন এক বিশাল সামরিক স্থাপনার ছবি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক উপগ্রহচিত্রে দেখা গেছে, বিস্তীর্ণ মরুভূমির মাঝে অষ্টভুজাকৃতির একটি বড় সামরিক কমপ্লেক্স গড়ে তুলছে বেইজিং, যেখানে একাধিক বাঙ্কার, ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাড এবং অন্যান্য সামরিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্সের বিশ্লেষিত উপগ্রহচিত্রে দেখা যায়, একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাঁটির পাশেই এই স্থাপনাটি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি চীনের কৌশলগত পারমাণবিক সক্ষমতা আরও শক্তিশালী করার পরিকল্পনার অংশ হতে পারে।
বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের হামলার পরও পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা ধরে রাখতে বিকল্প ক্ষেপণাস্ত্র অবকাঠামো তৈরি করছে চীন। অষ্টভুজাকৃতির এই স্থাপনায় উত্তর ও দক্ষিণ অংশজুড়ে কয়েকশো ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাড নির্মাণের কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দ্রুত সেগুলো সক্রিয় করার উপযোগী করেই এই অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।
উপগ্রহচিত্রে আরও দেখা গেছে, সামরিক স্থাপনাটির আশপাশে সেনাছাউনি, কমান্ড সেন্টার, সামরিক যানবাহন রাখার সুবিধা, সড়কপথ, রেললাইন এবং বিমানঘাঁটিও নির্মাণ করা হচ্ছে। ফলে এটি কেবল একটি অস্ত্রভান্ডার নয়, বরং একটি পূর্ণাঙ্গ সামরিক কমপ্লেক্সে রূপ নিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, চীনের কাছে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা যুক্তরাষ্ট্রের একাধিক শহরে আঘাত হানতে সক্ষম। এসব অস্ত্রকে সুরক্ষিত রাখা এবং সম্ভাব্য হামলার পরও কার্যকর রাখার জন্যই মরুভূমির নিচে বিস্তৃত বাঙ্কার ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো তৈরি করা হচ্ছে।
হাওয়াই প্যাসিফিক ফোরাম থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক আলেকজান্ডার নিল জানিয়েছেন, কয়েক হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে চীন কার্যত একটি ‘পাতাল অস্ত্রভান্ডার’ গড়ে তুলছে। তার মতে, সাবমেরিন, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের পাশাপাশি স্থলভিত্তিক পারমাণবিক আঘাতের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়াতে চাইছে বেইজিং।
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের চলমান উত্তেজনার মধ্যে এই সামরিক তৎপরতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে চীন এক হাজার পারমাণবিক অস্ত্রের মজুত গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। সেই প্রেক্ষাপটে এই নতুন স্থাপনার ছবি সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, পূর্ব জিনজিয়াং অঞ্চলে অন্তত ছয় বছর ধরে দুইটি অষ্টভুজাকৃতির বৃহৎ সামরিক স্থাপনা নির্মাণ করছে চীন। প্রকল্পগুলোর পূর্ণ উদ্দেশ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিশ্লেষকদের বড় অংশই মনে করছেন, এগুলো চীনের পারমাণবিক প্রতিরক্ষা এবং পাল্টা আঘাতের সক্ষমতা আরও জোরদার করার কৌশলের অংশ।
সূত্র: রয়টার্স