সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:২৪ অপরাহ্ন, ১ জুন ২০২৬

ইউরোপ ও আটলান্টিকে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ, প্রস্তুত লাখো মানুষ

আগামী ১২ আগস্ট ইউরোপ, উত্তর আটলান্টিক এবং আর্কটিকের কিছু অংশে দেখা যাবে একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চলতি দশকের সবচেয়ে আকর্ষণীয় মহাজাগতিক ঘটনাগুলোর একটি হতে যাচ্ছে এটি। এ উপলক্ষে বিজ্ঞানী, পর্যটক ও আকাশপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) জানিয়েছে, গ্রহণের পথ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম […]

ইউরোপ ও আটলান্টিকে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ, প্রস্তুত লাখো মানুষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী ১২ আগস্ট ইউরোপ, উত্তর আটলান্টিক এবং আর্কটিকের কিছু অংশে দেখা যাবে একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চলতি দশকের সবচেয়ে আকর্ষণীয় মহাজাগতিক ঘটনাগুলোর একটি হতে যাচ্ছে এটি। এ উপলক্ষে বিজ্ঞানী, পর্যটক ও আকাশপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) জানিয়েছে, গ্রহণের পথ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড ও স্পেনের বড় অংশের ওপর দিয়ে অতিক্রম করবে। এসব এলাকায় অবস্থানকারীরা কয়েক মিনিটের জন্য এমন দৃশ্য দেখতে পাবেন, যখন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে এবং দিনের বেলাতেই অন্ধকার নেমে আসবে।

১৯৯৯ সালের পর ইউরোপের বিস্তীর্ণ এলাকায় এটিই হতে যাচ্ছে প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। ফলে গ্রহণটি ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে স্পেন, আইসল্যান্ডসহ বিভিন্ন দেশে। বিশেষ করে স্পেনে যেসব অঞ্চলে পূর্ণ গ্রহণ দেখা যাবে, সেখানে হোটেল বুকিং ইতোমধ্যেই দ্রুত বেড়েছে। অনেক জায়গায় আবাসন প্রায় পূর্ণ হয়ে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও পর্যটন সংস্থাগুলো বিপুলসংখ্যক দর্শনার্থী সামলাতে আগাম প্রস্তুতি নিচ্ছে। গ্রহণ দেখার জন্য নির্ধারিত ভিউয়িং পয়েন্ট, যাতায়াত ব্যবস্থা এবং জনসমাগম ব্যবস্থাপনা নিয়েও কাজ চলছে।

পূর্ণ গ্রহণ দেখা গেলেও ইউরোপের আরও বড় অংশ, উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো দেশেও আংশিক গ্রহণ উপভোগ করা সম্ভব হবে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই অনুমোদিত সোলার ইক্লিপস চশমা ব্যবহার করতে হবে। খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। তবে পূর্ণ গ্রহণের মুহূর্তে, যখন সূর্য পুরোপুরি ঢাকা পড়ে যাবে, তখন তা খালি চোখে দেখা তুলনামূলকভাবে নিরাপদ।

এই গ্রহণের পর ২০২৭ সালের ২ আগস্ট আরেকটি পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে, যা মিসরসহ কয়েকটি আরব দেশ থেকে ভালোভাবে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ