২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের কয়েকটি আয়োজক শহরের রেস্তোরাঁ মালিকরা বিদেশি দর্শকদের খাবারের বিলের সঙ্গে বাধ্যতামূলক বকশিশ বা টিপস যোগ করার পরিকল্পনা করছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বকাপ উপলক্ষে এবার যুক্তরাষ্ট্রে লাখ লাখ বিদেশি দর্শকের আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল সংখ্যক আন্তর্জাতিক অতিথিকে কেন্দ্র করে […]
ছবি: সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের কয়েকটি আয়োজক শহরের রেস্তোরাঁ মালিকরা বিদেশি দর্শকদের খাবারের বিলের সঙ্গে বাধ্যতামূলক বকশিশ বা টিপস যোগ করার পরিকল্পনা করছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিশ্বকাপ উপলক্ষে এবার যুক্তরাষ্ট্রে লাখ লাখ বিদেশি দর্শকের আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল সংখ্যক আন্তর্জাতিক অতিথিকে কেন্দ্র করে রেস্তোরাঁ ব্যবসায়ীরা কর্মীদের আয়ের নিশ্চয়তা দিতে বিলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে টিপস যুক্ত করার উদ্যোগ নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রে বেশিরভাগ ওয়েটার ও বারটেন্ডার তুলনামূলক কম মূল বেতন পান এবং তাদের আয়ের বড় অংশ নির্ভর করে ক্রেতাদের দেওয়া টিপসের ওপর। তবে বিশ্বের অনেক দেশে খাবারের পর আলাদা করে বকশিশ দেওয়ার সংস্কৃতি নেই। ফলে বিদেশি দর্শকদের কাছ থেকে প্রত্যাশিত টিপস না পাওয়ার আশঙ্কায় রেস্তোরাঁগুলো আগে থেকেই বাধ্যতামূলক সার্ভিস চার্জ চালুর চিন্তা করছে।
বিশ্লেষকদের মতে, এমন সিদ্ধান্ত বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে। কারণ টিকিট, ফ্লাইট, হোটেল ভাড়া ও স্থানীয় যাতায়াত খরচের কারণে আগেই ব্যয় অনেক বেড়ে গেছে।
আটলান্টার জনপ্রিয় রেস্তোরাঁ ‘টিজ ব্রাঞ্চ বার’ বর্তমানে খাবারের বিলের সঙ্গে ১৮ শতাংশ টিপস যোগ করে থাকে। তবে বিশ্বকাপ উপলক্ষে সেটি বাড়িয়ে ২০ শতাংশ করার কথা ভাবছে কর্তৃপক্ষ।
রেস্তোরাঁটির মালিক তেনেশিয়া মারে বাটলার স্থানীয় টিভি চ্যানেল ফক্স ফাইভ আটলান্টাকে বলেন, “এটি কোনো নির্দিষ্ট দেশের সংস্কৃতিকে ছোট করে দেখার বিষয় নয়। অনেক দেশে টিপস দেওয়ার প্রচলনই নেই। তাই অনেক দর্শক হয়তো বিষয়টি পছন্দ করবেন না, কিন্তু আমাদের কর্মীদের আয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ।”
বোস্টনের কয়েকজন ব্যবসায়ীও ক্রেতাদের চূড়ান্ত বিলের সঙ্গে ২০ শতাংশ বাধ্যতামূলক বকশিশ যুক্ত করার প্রস্তাব দিয়েছেন।
তবে সবাই এই সিদ্ধান্তের পক্ষে নন। ম্যান্সফিল্ডের ‘জিমিস পাব অ্যান্ড রেস্টুরেন্ট’-এর মালিক জর্জ পান্টোস মনে করেন, বাধ্যতামূলক সার্ভিস চার্জ আরোপের বদলে অতিথিদের টিপস দেওয়ার বিষয়ে সচেতন করতে রেস্তোরাঁয় নোটিশ টাঙানোই বেশি যুক্তিযুক্ত হবে।
কানসাস সিটির অনেক রেস্তোরাঁ মালিকও কর্মীদের আয়ের সুরক্ষায় বাধ্যতামূলক টিপস চালুর পক্ষে মত দিয়েছেন। মিসৌরি রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাইক বারিস স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বিশ্বকাপের ছয় সপ্তাহজুড়ে শহরের সব রেস্তোরাঁকে এই নীতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে খাদ্য গবেষণা প্রতিষ্ঠান টেকনোমিক-এর জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড হেনকেস সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। কারণ বর্তমানে অনেক মানুষই অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছেন।
তিনি বলেন, “এমনিতেই রেস্তোরাঁয় মানুষের উপস্থিতি কমে গেছে। এখন যদি খাবারের বিল আরও বাড়ে, তাহলে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে গ্রাহকদের যদি আগে থেকে পরিষ্কারভাবে জানানো না হয় যে বিলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে টিপস যোগ করা হচ্ছে।”
সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট