নিউইয়র্ক অঙ্গরাজ্যে অভিবাসননীতি নিয়ে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গভর্নর ক্যাথি হোকুল ২০২৭ অর্থবছরের ২৬৮ বিলিয়ন ডলারের বাজেটের অংশ হিসেবে একগুচ্ছ নতুন আইন অনুমোদন করেছেন, যার মাধ্যমে ফেডারেল অভিবাসন সংস্থা আইসের (ICE) সঙ্গে স্থানীয় ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছে। সমর্থকদের মতে, এই উদ্যোগ অভিবাসীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় বড় পদক্ষেপ। […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক অঙ্গরাজ্যে অভিবাসননীতি নিয়ে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গভর্নর ক্যাথি হোকুল ২০২৭ অর্থবছরের ২৬৮ বিলিয়ন ডলারের বাজেটের অংশ হিসেবে একগুচ্ছ নতুন আইন অনুমোদন করেছেন, যার মাধ্যমে ফেডারেল অভিবাসন সংস্থা আইসের (ICE) সঙ্গে স্থানীয় ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছে। সমর্থকদের মতে, এই উদ্যোগ অভিবাসীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় বড় পদক্ষেপ। তবে সমালোচকদের দাবি, এতে জননিরাপত্তা ও আইন প্রয়োগ প্রক্রিয়ায় জটিলতা বাড়তে পারে।
নতুন আইন অনুযায়ী, নিউইয়র্কের কোনো স্থানীয় পুলিশ বিভাগ বা শেরিফ অফিস আর নতুন করে ২৮৭(জি) কর্মসূচিতে অংশ নিতে পারবে না। এই কর্মসূচির আওতায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষকে অভিবাসন আইন বাস্তবায়নে সহায়তা করত। একইসঙ্গে নতুন বিধানে অভিবাসী আটককেন্দ্র নির্মাণ বা পরিচালনায় স্থানীয় সরকারের অর্থ সহায়তার সুযোগও সীমিত করা হয়েছে।
আইনে স্বাক্ষর করার সময় গভর্নর হোকুল বলেন, নিউইয়র্কে আইসের ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না। তার ভাষায়, স্থানীয় পুলিশ বাহিনীর দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমন করা—অভিবাসন আইন কার্যকর করা নয়।
নতুন বিধান অনুযায়ী, আদালতের ওয়ারেন্ট ছাড়া আইস কর্মকর্তারা স্কুল, হাসপাতাল, লাইব্রেরি, আশ্রয়কেন্দ্র, শিশু পরিচর্যা কেন্দ্র, কমিউনিটি সেন্টার, শিক্ষার্থী আবাসন, পার্ক কিংবা ভোটকেন্দ্রের মতো বিভিন্ন সরকারি স্থাপনার অপ্রকাশ্য অংশে প্রবেশ করতে পারবেন না। একই ধরনের সুরক্ষা দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতাল ও উপাসনালয়গুলোকেও। বিচারিক অনুমতি ছাড়া তারা অভিবাসন কর্মকর্তাদের প্রবেশাধিকার নাকচ করতে পারবে।
এছাড়া সরকারি কর্মচারীদের জন্যও কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী তারা কোনো বেসামরিক অভিবাসন তদন্তে অংশ নিতে পারবেন না, আইসের কাছে ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে পারবেন না এবং আইনগত অনুমতি ছাড়া সীমিত সরকারি এলাকায় প্রবেশের সুযোগ দিতে পারবেন না। এমনকি অনুবাদক হিসেবেও অভিবাসন কর্মকর্তাদের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
অভিবাসী শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়েও নতুন আইন বিশেষ গুরুত্ব দিয়েছে। এতে বলা হয়েছে, অভিবাসন অবস্থান যাই হোক না কেন, প্রত্যেকের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার অধিকার নিশ্চিত থাকবে। পাশাপাশি স্কুলগুলোকে শিক্ষার্থীদের অভিবাসনসংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রকাশে সীমাবদ্ধতা মানতে হবে। আদালতের নির্দেশ ছাড়া কোনো শিক্ষার্থীকে অভিবাসন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া যাবে না।
আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে আরও একটি বিতর্কিত বিধান যুক্ত হয়েছে। এর আওতায় রাজ্য, স্থানীয় ও ফেডারেল কর্মকর্তারা জনসাধারণের সঙ্গে দায়িত্ব পালনের সময় সাধারণভাবে মুখ ঢেকে রাখতে পারবেন না। যদিও চিকিৎসাজনিত মাস্ক, নিরাপত্তা সরঞ্জাম কিংবা সানগ্লাস ব্যবহারের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।
ডেমোক্র্যাট নেতারা বলছেন, এই বিধান আইনশৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। তবে রিপাবলিকানদের অভিযোগ, এতে আইস কর্মকর্তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
আইনটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাবেক গভর্নর ডেভিড পেটারসন এই সিদ্ধান্তকে “গুরুতর ভুল” হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এসব পদক্ষেপ রাজ্য ও ফেডারেল সরকারের মধ্যে নতুন ধরনের আইনি সংঘাত তৈরি করতে পারে।
অন্যদিকে গভর্নর পদপ্রত্যাশী ব্রুস ব্ল্যাকম্যান ইতোমধ্যে আইনের কিছু ধারা আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন। তার দাবি, আইসের সঙ্গে স্থানীয় সহযোগিতা থাকলে অপরাধে অভিযুক্ত বা দোষী ব্যক্তিদের কমিউনিটি থেকে সরিয়ে নেওয়া সহজ হয়।
বেশ কয়েকজন কাউন্টি শেরিফও এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ২৮৭(জি) কর্মসূচি বন্ধ হয়ে গেলে ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় দুর্বল হবে এবং অপরাধ দমনে কার্যকর একটি ব্যবস্থা হারিয়ে যাবে।
সমালোচকদের আরও অভিযোগ, এত গুরুত্বপূর্ণ অভিবাসনসংক্রান্ত নীতিমালা আলাদা বিল আকারে বিস্তারিত আলোচনার পরিবর্তে বাজেটের অংশ হিসেবে পাস করা হয়েছে, যা স্বচ্ছ আইন প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
গভর্নর হোকুলের স্বাক্ষরের মাধ্যমে আইনগুলো কার্যকর হওয়ার পথে থাকলেও বিভিন্ন স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা ইতোমধ্যে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফলে নিউইয়র্কের নতুন অভিবাসন নীতির চূড়ান্ত ভবিষ্যৎ অনেকটাই আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের ফলে নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্ত অবস্থানের ‘স্যাংকচুয়ারি’ রাজ্যগুলোর একটি হিসেবে আরও প্রতিষ্ঠিত হলো। তবে একই সঙ্গে ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের ক্ষমতার সীমা নিয়ে রাজনৈতিক ও আইনি দ্বন্দ্ব আরও বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।