অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন ও নিউইয়র্ক সিটির দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) ‘স্যাংকচুয়ারি সিটি’গুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সরাসরি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। এমএসএনবিসির ‘দ্য ব্রিফিং উইথ জেন সাকি’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, নিউইয়র্কের আইন ও মূল্যবোধ কোনো চাপ […]
ছবি: সংগৃহীত
অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন ও নিউইয়র্ক সিটির দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) ‘স্যাংকচুয়ারি সিটি’গুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সরাসরি তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
এমএসএনবিসির ‘দ্য ব্রিফিং উইথ জেন সাকি’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, নিউইয়র্কের আইন ও মূল্যবোধ কোনো চাপ বা রাজনৈতিক দর-কষাকষির বিষয় নয়। তিনি স্পষ্ট করে জানান, ভয়ভীতি দেখিয়ে নিউইয়র্ককে নতি স্বীকার করানো যাবে না এবং শহরটি একটি ‘স্যাংকচুয়ারি সিটি’ হিসেবে নিজেদের অবস্থানে অনড় থাকবে।
মেয়র আরও বলেন, নিউইয়র্কের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নীতি অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শহরটির ৩০ লাখের বেশি মানুষ অভিবাসী এবং তিনিও নিজেকে সেই সম্প্রদায়ের অংশ হিসেবে দেখেন।
সম্প্রতি নিউ জার্সির ডেলানি হল অভিবাসন আটক কেন্দ্র ঘিরে বিক্ষোভের ঘটনায় বিষয়টি নতুন মাত্রা পায়। আটক অভিবাসীদের অনশন, মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং কেন্দ্রের ভেতরের অভিযোগ সামনে আসার পর সেখানে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর অ্যান্ডি কিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আইস কর্মকর্তাদের ব্যবহৃত পেপার স্প্রের কারণে আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি দাবি করেন, আটক অনেক অভিবাসী ও অনশনকারীর সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন।
এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিএইচএস প্রধান মার্কওয়েইন মুলিন বলেন, হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করে এমন পরিকল্পনা নেওয়া হচ্ছে যাতে ফেডারেল অভিবাসন আইন বাস্তবায়নে সহযোগিতা না করা শহরগুলোর বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট প্রক্রিয়াকরণ সীমিত বা বন্ধ করা যেতে পারে।
এই মন্তব্যের কড়া জবাবে মেয়র মামদানি বলেন, নিউইয়র্কবাসীকে ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে নীতিগত অবস্থান বদলানো যাবে না। তাঁর ভাষায়, শহরের মানুষকে “নিষ্ঠুর নীতির হাতে ছেড়ে দেওয়া হবে না।”
সাক্ষাৎকারে তিনি আরও অভিযোগ করেন, আইস বর্তমানে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় কার্যত জবাবদিহিতাহীনভাবে অভিযান পরিচালনা করছে। অনেক অভিবাসীই জানেন না কোন পরিস্থিতিতে তারা হঠাৎ ঝুঁকির মুখে পড়তে পারেন।
মামদানি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একাধিকবার বৈঠক হয়েছে। যদিও তিনি আলোচনার বিস্তারিত প্রকাশ করতে চাননি, তবে ট্রাম্পকে সরাসরি বলেছেন যে আইসের অনেক পদক্ষেপ তার কাছে নিষ্ঠুর ও অমানবিক মনে হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, এসব অভিযান জননিরাপত্তা বাড়ানোর বদলে বরং উদ্বেগ ও আতঙ্ক তৈরি করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতি, আইসের অভিযান এবং ‘স্যাংকচুয়ারি সিটি’ ইস্যুতে ট্রাম্প প্রশাসন ও নিউইয়র্কের সংঘাত আরও বাড়তে পারে। বিশেষ করে নিউইয়র্ক, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসের মতো ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোর সঙ্গে ফেডারেল সরকারের সম্পর্ক ভবিষ্যতে আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।