গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নতুন হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ইসরাইলি হামলার পর বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। এছাড়া অনেক আহত ব্যক্তি সড়কের পাশে পড়ে থাকলেও তাদের কাছে দ্রুত পৌঁছাতে পারেননি […]
ছবি: সংগৃহীত
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নতুন হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ইসরাইলি হামলার পর বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। এছাড়া অনেক আহত ব্যক্তি সড়কের পাশে পড়ে থাকলেও তাদের কাছে দ্রুত পৌঁছাতে পারেননি অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলা পুরোপুরি থামেনি। ওই সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন হামলায় অন্তত ৯৪৭ জন নিহত এবং ২ হাজার ৯৩৫ জন আহত হয়েছেন।
একই সময়ে গাজার বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে আরও ৭৮১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান সংঘাতের পর থেকে বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আদ-দামির। গাজাভিত্তিক এই সংগঠনের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখন পর্যন্ত ৯ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনির খোঁজ পাওয়া যায়নি।
সংগঠনটির তথ্যমতে, নিখোঁজদের মধ্যে প্রায় ৪ হাজার ৭০০ নারী ও শিশু রয়েছেন। যুদ্ধ, বিমান হামলা এবং ভবন ধসে পড়ার ঘটনায় অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় অব্যাহত হামলা ও উদ্ধার সরঞ্জামের সংকটের কারণে বহু মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।
সূত্র: আল জাজিরা