যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান একটি শক্তিশালী ও আত্মমর্যাদাবোধসম্পন্ন দেশ হওয়ায় চলমান সংঘাত বন্ধে এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছায়নি। তবে তার মতে, শেষ পর্যন্ত তেহরানের সামনে চুক্তিতে পৌঁছানো ছাড়া অন্য কোনো বাস্তব বিকল্প থাকবে না। শুক্রবার (৫ জুন) উইসকনসিনের চিপেওয়া ফলসে এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান একটি শক্তিশালী ও আত্মমর্যাদাবোধসম্পন্ন দেশ হওয়ায় চলমান সংঘাত বন্ধে এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছায়নি। তবে তার মতে, শেষ পর্যন্ত তেহরানের সামনে চুক্তিতে পৌঁছানো ছাড়া অন্য কোনো বাস্তব বিকল্প থাকবে না।
শুক্রবার (৫ জুন) উইসকনসিনের চিপেওয়া ফলসে এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন।
চার মাস ধরে চলা এই সংঘাত নিরসনে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে গত এপ্রিল মাসে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এবং পরবর্তীতে কয়েক দফা সেই মেয়াদও বাড়ানো হয়। তবে সম্প্রতি হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রতিনিধি পরিষদের আইনপ্রণেতাদের জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের শুরু করা ‘অপারেশন এপিক ফিউরি’ সামরিক অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ইরানের হামলার জবাবে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়।
সংঘাতের জেরে কয়েক মাস আগে ইরান বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যায় এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও জ্বালানির মূল্য বৃদ্ধি পায়। এতে মার্কিন নাগরিকদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি হওয়ায় ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান নেতৃত্বের ওপর রাজনৈতিক চাপও বাড়ে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দ্রুত চুক্তি করতে ব্যর্থ হওয়ার জন্য যারা সমালোচনা করছেন, তারা বাস্তবতা বিবেচনা করছেন না। তার মতে, এ ধরনের আন্তর্জাতিক সমঝোতা সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগে। তিনি উল্লেখ করেন, প্রায় ৪৭ বছর ধরে ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের ক্ষতি করে আসছেন।
ট্রাম্প সংঘাতের সময়কালকে ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, ভিয়েতনাম যুদ্ধ ১৯ বছর স্থায়ী হয়েছিল, অথচ তিনি মাত্র তিন মাসের মধ্যেই পরিস্থিতির গতিপথ বদলে দিয়েছেন।
তিনি আরও দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করেছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের ড্রোন উৎপাদন কারখানা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে এবং যুদ্ধ শুরুর সময়ের তুলনায় দেশটির হাতে এখন মাত্র ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের এই দাবির বিপরীতে ইরান এখনও সামরিকভাবে সক্রিয় রয়েছে বলে বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয়েছে। চলতি সপ্তাহে পারস্য উপসাগর এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার প্রভাব পড়েছে বলে খবর পাওয়া গেছে।
এই সংঘাতের সূচনা হয়েছিল মূলত ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের মাধ্যমে।
সম্প্রতি আরেক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, আগামী সেপ্টেম্বরের শ্রম দিবসের আগেই ইরানের ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে, যা বড় ধরনের সংঘাতের দিকে পরিস্থিতিকে নিয়ে যেতে পারে।
সূত্র: এনবিসি নিউজ।