সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৩:৩৩ অপরাহ্ন, ৬ জুন ২০২৬

মধ্যবর্তী নির্বাচনের আগে কংগ্রেসে ট্রাম্পকে ঘিরে অসন্তোষ

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেশটির কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়ে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ট্রাম্পের বিরোধিতা করতে অনীহা থাকলেও সম্প্রতি রিপাবলিকান পার্টির ভেতরের কয়েকটি গোষ্ঠী তার একাধিক উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে। গত এক সপ্তাহে সিনেট ও প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা ইরান-সংক্রান্ত […]

মধ্যবর্তী নির্বাচনের আগে কংগ্রেসে ট্রাম্পকে ঘিরে অসন্তোষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেশটির কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়ে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে।

দীর্ঘদিন ধরে ট্রাম্পের বিরোধিতা করতে অনীহা থাকলেও সম্প্রতি রিপাবলিকান পার্টির ভেতরের কয়েকটি গোষ্ঠী তার একাধিক উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে।

গত এক সপ্তাহে সিনেট ও প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা ইরান-সংক্রান্ত ট্রাম্পের যুদ্ধনীতির সমালোচনা করেছেন। তারা হোয়াইট হাউসের বলরুম প্রকল্পের জন্য প্রস্তাবিত ১ বিলিয়ন ডলারের তহবিল প্রত্যাখ্যান করেছেন, ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল থেকে প্রশাসনকে সরে আসতে বাধ্য করেছেন এবং অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম সম্পর্কিত একটি আইন আটকে দিয়েছেন।

এ ছাড়া প্রতিনিধি পরিষদে ট্রাম্পের অবস্থানের বিপরীতে ইউক্রেনকে সহায়তা এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস হয়েছে। যদিও বিলটি পরবর্তীতে রাষ্ট্রপতির ভেটোর মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই ট্রাম্পবিরোধী বড় ধরনের বিদ্রোহের সম্ভাবনা কম দেখলেও তার উচ্চাভিলাষী নীতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দলীয় প্রতিরোধ বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে যেসব নেতাকে ট্রাম্প ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করেছেন, তারা এখন তার নীতির বিরুদ্ধে অবস্থান নিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

অবসর নেওয়ার ঘোষণা দেওয়া রিপাবলিকান সিনেটর থম টিলিস বলেছেন, নির্বাচন ঘনিয়ে এলে আইনপ্রণেতারা মূলত নিজেদের নির্বাচনী এলাকার ভোটারদের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিতে শুরু করেন।

অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যানের মতে, এই ভিন্নমত ট্রাম্পের দলের ওপর দীর্ঘদিনের প্রভাবকেই প্রতিফলিত করে, কারণ এখন যারা তার বিরোধিতা করছেন তাদের অনেকেই আগে থেকেই রাজনৈতিকভাবে কোণঠাসা ছিলেন। তবে হোয়াইট হাউস এই পরিস্থিতিকে ‘নির্বাচনী বছরের রাজনীতি’ বলে উল্লেখ করে দলীয় বিভক্তির অভিযোগ অস্বীকার করেছে।

সিনেট নির্বাচনে ট্রাম্পের হস্তক্ষেপ এবং কিছু বিতর্কিত ঘোষণার পর থেকেই অসন্তোষ বাড়তে শুরু করে। রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি ও জন কর্নিনের পুনর্নির্বাচনের বিরোধিতা এবং মেমোরিয়াল ডে ছুটির আগে ট্রাম্পের কিছু সিদ্ধান্ত সিনেটের রিপাবলিকানদের মধ্যে ক্ষোভ তৈরি করে।

এর ফলে তারা ৭০ বিলিয়ন ডলারের একটি অভিবাসন প্রয়োগ তহবিল বিল বাতিল করেন। পরে কিছু সংশোধনীর মাধ্যমে বিলটি পাস হলেও অনেক রিপাবলিকান উদ্বেগ প্রকাশ করেন যে ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র বা ক্যাপিটল হিল দাঙ্গার আসামিরা এই তহবিল থেকে সুবিধা পেতে পারেন।

বর্তমানে এই দ্বন্দ্ব ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়াতেও প্রভাব ফেলছে। ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) পদে ট্রাম্পের সমর্থিত প্রার্থী বিল পুলটেকে নিয়ে আপত্তি তুলেছেন রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। তিনি জানিয়েছেন, পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকলে পুলটের পক্ষে ভোট দেবেন না।

একইভাবে ট্রাম্পের সাবেক আইনজীবী টড ব্ল্যাঞ্চকে স্থায়ী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনাও সিনেটে বাধার মুখে পড়তে পারে।

সিনেট জুডিশিয়ারি কমিটির সদস্য জন কর্নিন বলেছেন, “অ্যাটর্নি জেনারেল কোনো প্রেসিডেন্টের ব্যক্তিগত আইনজীবী নন।” তিনি জানান, ব্ল্যাঞ্চকে সমর্থনের বিষয়টি তার প্রশ্নোত্তর পর্বের ওপর নির্ভর করবে।

আইনপ্রণেতাদের এই ক্রমবর্ধমান প্রতিরোধ আগামী দিনে ট্রাম্প প্রশাসনের নীতি বাস্তবায়নকে আরও কঠিন করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ