যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া কূটনৈতিক আলোচনা ভেস্তে দিতেই ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে ইচ্ছাকৃতভাবে বিমান হামলা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। আমেরিকাভিত্তিক মানবাধিকার সংগঠন ডন (DAWN) দাবি করেছে, ইসরায়েলের এই আকস্মিক আগ্রাসন মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে এবং এটি পুরো অঞ্চলকে একটি বড় ধরনের সংঘাতের দিকে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া কূটনৈতিক আলোচনা ভেস্তে দিতেই ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে ইচ্ছাকৃতভাবে বিমান হামলা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
আমেরিকাভিত্তিক মানবাধিকার সংগঠন ডন (DAWN) দাবি করেছে, ইসরায়েলের এই আকস্মিক আগ্রাসন মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে এবং এটি পুরো অঞ্চলকে একটি বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে ভূমিকা রাখছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক ওমর শাকির এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলের এই যুদ্ধংদেহী আচরণে মার্কিন প্রশাসন অসন্তোষ প্রকাশ করেছে বলে যে খবর বেরিয়েছে, তা আদতে মাঠপর্যায়ে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে না। তিনি বলেন, হোয়াইট হাউস যতক্ষণ না তেল আবিবের ওপর নিজেদের প্রকৃত প্রভাব ও ক্ষমতা ব্যবহার করছে, ততক্ষণ পর্যন্ত এমন মৌখিক আপত্তিতে কোনো বাস্তব পরিবর্তন আসবে না।
ওমর শাকিরের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ কেবল লেবাননের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করেনি, বরং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির পথও বাধাগ্রস্ত করেছে। তিনি মনে করেন, এই ধরনের সামরিক পদক্ষেপ আলোচনার পরিবেশ নষ্ট করে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দেয়।
মানবাধিকার সংস্থাটি ওয়াশিংটনকে অনতিবিলম্বে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ স্থগিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর সঙ্গে মার্কিন গোয়েন্দা তথ্যের আদান-প্রদান ও নিরাপত্তা সহযোগিতা বন্ধ করার আহ্বানও জানিয়েছে তারা।
ডন তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে এবং চলমান সংঘাতের স্থায়ী সমাধান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে তার কৌশলগত প্রভাব ও চাপ প্রয়োগ করতে হবে। অন্যথায় মধ্যপ্রাচ্যে সহিংসতা ও অস্থিরতা আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে সংগঠনটি।
সংস্থাটির মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধান চায়, তাহলে তাকে শুধু বক্তব্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর নীতিগত পদক্ষেপ নিতে হবে।
সূত্র: মিডল ইস্ট আই