যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের অপেক্ষায় এবং সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবেই মূল্যবান ধাতুর বাজারে চাপ তৈরি হয়েছে। মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৯৮.৭৫ ডলারে নেমে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের অপেক্ষায় এবং সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবেই মূল্যবান ধাতুর বাজারে চাপ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৯৮.৭৫ ডলারে নেমে আসে। দিনের শুরুতে দর এক শতাংশেরও বেশি কমে গিয়েছিল। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার্সের মূল্য ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩২৩.৯০ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের আগে বিনিয়োগকারীরা অপেক্ষার কৌশল নিয়েছেন। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের বাজারেও বিক্রির চাপ বেড়েছে।
আরজেও ফিউচার্সের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাবারকর্ন বলেন, মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বাজারে অনিশ্চয়তা বিরাজ করছে। ফেডারেল রিজার্ভ সুদের হার নিয়ে স্পষ্ট অবস্থান না দেওয়া পর্যন্ত স্বর্ণ ও রূপার বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
বুধবার যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার প্রযোজক মূল্যসূচক (পিপিআই) প্রকাশ হওয়ার কথা রয়েছে। এসব তথ্যের ওপর ভিত্তি করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নিতে পারে, সে বিষয়ে বাজারে নতুন ধারণা তৈরি হবে।
কমার্সব্যাংকের এক বিশ্লেষণে বলা হয়েছে, প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি দেখা গেলে স্বর্ণের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের বড় একটি অংশ চলতি বছরের শেষ নাগাদ সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় নিচ্ছে।
এদিকে মধ্যপ্রাচ্যে সাময়িক উত্তেজনা প্রশমনের ইঙ্গিতও স্বর্ণবাজারে প্রভাব ফেলেছে। ইরান ও ইসরাইলের পক্ষ থেকে হামলা বন্ধের ঘোষণা আসার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, যা মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে সহায়ক হতে পারে।
সাধারণত সুদের হার বৃদ্ধি পেলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। এর প্রভাব পড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও। এদিন রূপার দাম ৩.২ শতাংশ, প্লাটিনামের দাম ১.১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২.৫ শতাংশ কমেছে।
বিশ্লেষকদের মতে, আগামী কয়েক দিনের অর্থনৈতিক তথ্য ও ফেডারেল রিজার্ভের অবস্থানের ওপরই নির্ভর করবে স্বর্ণবাজারের পরবর্তী গতিপথ।