নিজের চারটি ব্যক্তিগত গাড়ি এবং চারজন ড্রাইভার রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে এক আলোচনায় তিনি বলেন, “আমার চারটি গাড়ি আছে, আমার চারজন ড্রাইভার আছে, খুব একটা গরিব মানুষ না।” বুধবার (১০ জুন) জাতীয় সংসদে এক নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্য নাজিবুর রহমানের একটি বক্তব্যের জবাব দিতে গিয়ে বিষয়টি […]
ছবি: সংগৃহীত
নিজের চারটি ব্যক্তিগত গাড়ি এবং চারজন ড্রাইভার রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে এক আলোচনায় তিনি বলেন, “আমার চারটি গাড়ি আছে, আমার চারজন ড্রাইভার আছে, খুব একটা গরিব মানুষ না।”
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে এক নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্য নাজিবুর রহমানের একটি বক্তব্যের জবাব দিতে গিয়ে বিষয়টি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, একজন ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার বিষয়ে যে আলোচনা হয়েছে, সেটি সঠিক নয়। তিনি দাবি করেন, তখন তিনি মন্ত্রী ছিলেন না, বরং দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে বিদেশ থেকে দেশে ফিরে নিজের গাড়িতে করেই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারে একটি বড় জনসমাবেশে অংশ নিতে গিয়ে তিনি বিভিন্ন যানবাহনে ওঠার চেষ্টা করেছিলেন। সেখানে অসংখ্য মাইক্রোবাস, জিপ ও ব্যক্তিগত গাড়ি উপস্থিত ছিল। কয়েকটি গাড়িতে ওঠার সুযোগ না পেয়ে পরে একটি পুরোনো গাড়িতে ওঠেন, যা নিয়ে পরবর্তীতে আলোচনা সৃষ্টি হয়।
তিনি বলেন, পরে জানা যায় গাড়িটি প্রায় ১৭ থেকে ১৮ বছর পুরোনো ছিল এবং সেটির বর্তমান মালিকের বাড়ি তার নির্বাচনী এলাকায়। ওই ব্যক্তি আগ্রহের সঙ্গে তাকে গাড়িতে ওঠার অনুরোধ করেছিলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অনুষ্ঠানে আরও অনেক দামি গাড়ি উপস্থিত থাকলেও পরিস্থিতির কারণে সেগুলো ব্যবহার করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি নিয়ে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে তিনি আগেই জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “বিষয়টি তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল। এটি এখন একটি পুরোনো ইস্যু।”
সংসদে বক্তব্যের বাকি অংশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের অবদান ও রেমিট্যান্স অর্থনীতির গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
সূত্র: জাতীয় সংসদ