ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তিনি বলেছেন, এই হামলার মাধ্যমে কার্যত যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদি যুক্তরাষ্ট্রের হামলার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলাটিকে “আত্মরক্ষামূলক পদক্ষেপ” হিসেবে বর্ণনা করলেও […]
ছবি: সংগৃহীত
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তিনি বলেছেন, এই হামলার মাধ্যমে কার্যত যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদি যুক্তরাষ্ট্রের হামলার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলাটিকে “আত্মরক্ষামূলক পদক্ষেপ” হিসেবে বর্ণনা করলেও আন্তর্জাতিক আইনের আলোকে এর কোনো বৈধতা নেই।
ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, “শব্দের মারপ্যাঁচ ব্যবহার করে কোনো সামরিক আগ্রাসনকে বৈধতা দেওয়া যায় না। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে আগ্রাসী পক্ষ কেবল নাম পরিবর্তন করে বা ভিন্ন ব্যাখ্যা দিয়ে তার কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না।”
গরিবাবাদি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তারা কঠোর ও দৃঢ় জবাব দেবে।
তার ভাষায়, “ইরানের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যা হবে দৃঢ়, কর্তৃত্বপূর্ণ এবং আক্রমণকারীদের জন্য অনুতাপের কারণ। দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরিণতি শুধু ওয়াশিংটনকেই নয়, বরং যেসব পক্ষ এ হামলায় অংশ নিয়েছে, সহযোগিতা করেছে বা সহায়তা দিয়েছে, তাদেরও বহন করতে হবে।
গরিবাবাদি বলেন, “এই অবৈধ ও বিপজ্জনক কর্মকাণ্ডের পূর্ণ দায় এবং পরিণতি যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের ওপরই বর্তাবে।”
মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, দ্রুত উত্তেজনা নিয়ন্ত্রণে আনা না গেলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে।
সূত্র: আল জাজিরা