নিউইয়র্ক অঙ্গরাজ্যে চার্টার স্কুল খোলা, সম্প্রসারণ বা নবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত বাধ্যতামূলক করার লক্ষ্যে নতুন একটি বিলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে শিক্ষক সংগঠন, আইনপ্রণেতা ও শিক্ষা অধিকারকর্মীরা। সম্প্রতি অ্যালবানিতে অনুষ্ঠিত এক সমাবেশে নিউইয়র্ক স্টেট ইউনাইটেড টিচার্স (NYSUT), বিভিন্ন শিক্ষা সংগঠন এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা চার্টার স্কুল অনুমোদন প্রক্রিয়ায় অধিক স্বচ্ছতা ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক অঙ্গরাজ্যে চার্টার স্কুল খোলা, সম্প্রসারণ বা নবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত বাধ্যতামূলক করার লক্ষ্যে নতুন একটি বিলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে শিক্ষক সংগঠন, আইনপ্রণেতা ও শিক্ষা অধিকারকর্মীরা।
সম্প্রতি অ্যালবানিতে অনুষ্ঠিত এক সমাবেশে নিউইয়র্ক স্টেট ইউনাইটেড টিচার্স (NYSUT), বিভিন্ন শিক্ষা সংগঠন এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা চার্টার স্কুল অনুমোদন প্রক্রিয়ায় অধিক স্বচ্ছতা ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
প্রস্তাবিত আইন অনুযায়ী, কোনো চার্টার স্কুল নতুন করে চালু করা, সম্প্রসারণ করা বা এর অনুমোদন নবায়নের আগে বাধ্যতামূলকভাবে দুটি জনশুনানির আয়োজন করতে হবে। নিউইয়র্ক সিটির বাইরে সংশ্লিষ্ট স্কুল জেলার বাসিন্দাদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে চার্টার স্কুলটি অনুমোদন পাবে কি না। আর নিউইয়র্ক সিটির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব থাকবে কমিউনিটি ডিস্ট্রিক্ট এডুকেশন কাউন্সিলের ওপর।
এনওয়াইএসইউটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জেইমি সিফোনে বলেন, “সরকারি স্কুল জনগণের প্রতিষ্ঠান। অথচ বর্তমানে কোনো কমিউনিটির ওপর প্রভাব ফেলবে এমন একটি চার্টার স্কুল অনুমোদনের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের কার্যকর মতামত দেওয়ার সুযোগ নেই। এই আইন সেই ঘাটতি পূরণ করবে।”
আইনটির সিনেট স্পনসর সিনেটর শেলি মেয়ার বলেন, দ্রুত চার্টার স্কুল সম্প্রসারণ অনেক সময় স্থানীয় স্কুল জেলার বাজেটের ওপর চাপ সৃষ্টি করে এবং শিক্ষাসেবা, সহশিক্ষা কার্যক্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবায় প্রভাব ফেলে। তাই বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় জনগণের মতামত নিশ্চিত করা প্রয়োজন।
সমর্থকদের মতে, প্রচলিত সরকারি স্কুলগুলো নির্বাচিত স্কুল বোর্ডের মাধ্যমে পরিচালিত হয় এবং সেগুলোকে উন্মুক্ত সভা, আর্থিক স্বচ্ছতা ও জনজবাবদিহিতার নিয়ম মানতে হয়। অন্যদিকে চার্টার স্কুলগুলো করদাতাদের অর্থে পরিচালিত হলেও সেগুলো সাধারণত বেসরকারি ও অনির্বাচিত বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। তাই জনঅর্থ ব্যবহারের ক্ষেত্রে জনগণের মতামত নিশ্চিত করা জরুরি।
বর্তমানে নিউইয়র্কে চার্টার স্কুল অনুমোদনের ক্ষমতা মূলত রাজ্য পর্যায়ের বিভিন্ন কর্তৃপক্ষের হাতে রয়েছে। সমালোচকদের দাবি, স্থানীয় জনগণ ও স্কুল জেলার মতামত অনেক ক্ষেত্রে যথাযথ গুরুত্ব পায় না।
চার্টার স্কুলবিরোধী বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, নতুন চার্টার স্কুল চালু হলে স্থানীয় সরকারি স্কুলগুলোর তহবিল কমে যায় এবং শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যা তৈরি হয়। অন্যদিকে চার্টার স্কুল সমর্থকদের দাবি, এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য বিকল্প ও উন্নত শিক্ষার সুযোগ তৈরি করে।
বিলটি পাস হলে নিউইয়র্কে চার্টার স্কুল অনুমোদন প্রক্রিয়ায় স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে বলে মনে করছেন সমর্থকরা। তবে চার্টার স্কুলপন্থী সংগঠনগুলো এ ধরনের নিয়মকে অতিরিক্ত জটিলতা সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে।
প্রস্তাবিত আইনটি এখন অঙ্গরাজ্যের আইনসভায় বিবেচনাধীন রয়েছে।