নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির কর নীতিকে ঘিরে সৃষ্ট বিরোধের পর যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার বিনিয়োগকারী ও সিটাডেল প্রতিষ্ঠাতা কেন গ্রিফিন মিয়ামিতে তার ব্যবসায়িক ও রিয়েল এস্টেট বিনিয়োগ আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন। সাম্প্রতিক পরিকল্পনা অনুযায়ী, গ্রিফিনের মালিকানাধীন হেজ ফান্ড প্রতিষ্ঠান সিটাডেল মিয়ামির আর্থিক কেন্দ্র ব্রিকেল এলাকায় নির্মাণাধীন ভবিষ্যৎ সদরদপ্তরের পাশেই একটি বড় আবাসিক ও বাণিজ্যিক উন্নয়ন প্রকল্প […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির কর নীতিকে ঘিরে সৃষ্ট বিরোধের পর যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার বিনিয়োগকারী ও সিটাডেল প্রতিষ্ঠাতা কেন গ্রিফিন মিয়ামিতে তার ব্যবসায়িক ও রিয়েল এস্টেট বিনিয়োগ আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন।
সাম্প্রতিক পরিকল্পনা অনুযায়ী, গ্রিফিনের মালিকানাধীন হেজ ফান্ড প্রতিষ্ঠান সিটাডেল মিয়ামির আর্থিক কেন্দ্র ব্রিকেল এলাকায় নির্মাণাধীন ভবিষ্যৎ সদরদপ্তরের পাশেই একটি বড় আবাসিক ও বাণিজ্যিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। প্রকল্পের আওতায় প্রায় ৩০০ ইউনিটের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন এবং ১,৪০০-এর বেশি গাড়ি ধারণক্ষমতার একটি পার্কিং গ্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এছাড়া সিটাডেল ব্রিকেল এলাকায় অবস্থিত একটি ২২ তলা কনডোমিনিয়াম ভবনের সব ইউনিট অধিগ্রহণ করেছে। ভবিষ্যতে ওই ভবনটি ভেঙে নতুন অফিস ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সিটাডেলের ক্যাম্পাস সম্প্রসারণ করা হতে পারে।
সিটাডেলের এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি মিয়ামিতে তাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি আরও শক্তিশালী করতে চায় এবং নতুন প্রকল্পগুলো মূলত বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই নেওয়া হচ্ছে। তাদের মতে, মিয়ামির ব্যবসাবান্ধব পরিবেশ, কর সুবিধা এবং দ্রুত বিকাশমান আর্থিক খাত বড় প্রতিষ্ঠানগুলোর জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।
কেন গ্রিফিন ও মেয়র জোহরান মামদানির বিরোধের সূত্রপাত হয় নিউইয়র্কে বিলাসবহুল দ্বিতীয় আবাসনের ওপর আরোপিত নতুন ‘পিয়ে-আ-তের’ (pied-à-terre) করকে কেন্দ্র করে। কর নীতির পক্ষে প্রচারণা চালাতে গিয়ে মামদানি একটি ভিডিওতে গ্রিফিনের ২৩৮ মিলিয়ন ডলারের ম্যানহাটন পেন্টহাউসের উদাহরণ তুলে ধরেন। ওই ভিডিওকে গ্রিফিন “অস্বস্তিকর” এবং “ব্যক্তিগত আক্রমণ” হিসেবে আখ্যা দেন।
পরবর্তীতে গ্রিফিন প্রকাশ্যে বলেন, নিউইয়র্কের বর্তমান নীতি তার ব্যবসায়িক অংশীদারদের মিয়ামিতে আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহিত করছে। তিনি জানান, সিটাডেল মিয়ামিতে তাদের উপস্থিতি আরও বড় পরিসরে সম্প্রসারণ করবে এবং নতুন অফিস ভবনের আকারও বাড়ানো হবে।
উল্লেখ্য, সিটাডেল ২০২২ সালে তাদের সদরদপ্তর শিকাগো থেকে মিয়ামিতে স্থানান্তর করে। সাম্প্রতিক সম্পত্তি অধিগ্রহণ ও নতুন উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে দক্ষিণ ফ্লোরিডায় প্রতিষ্ঠানটির উপস্থিতি ও প্রভাব আরও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: ফক্স বিজনেস, রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল।