যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসান এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি নতুন সমঝোতা ঘোষণার পরও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্পষ্টভাবে বলেছেন, নিরাপত্তার স্বার্থে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। সোমবার এক বিবৃতিতে কাৎজ বলেন, ইসরাইল দক্ষিণ লেবানন, সিরিয়া এবং গাজায় নিজেদের নিয়ন্ত্রণে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসান এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি নতুন সমঝোতা ঘোষণার পরও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্পষ্টভাবে বলেছেন, নিরাপত্তার স্বার্থে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে।
সোমবার এক বিবৃতিতে কাৎজ বলেন, ইসরাইল দক্ষিণ লেবানন, সিরিয়া এবং গাজায় নিজেদের নিয়ন্ত্রণে থাকা নিরাপত্তা অঞ্চলগুলোতে সেনা মোতায়েন বজায় রাখবে। তিনি দাবি করেন, সীমান্তবর্তী এলাকায় ইরান-সমর্থিত হিজবুল্লাহর তৎপরতা মোকাবিলা এবং ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অবস্থান নেওয়া হয়েছে।
তার এই বক্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছে। ওই সমঝোতার আওতায় হরমুজ প্রণালি পুনরায় চালু করা, আঞ্চলিক সংঘাত কমানো এবং লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
তবে ইসরাইলি সরকার চুক্তির কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়েছে। কাৎজ বলেন, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের ওপর “বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো চাপ” ইসরাইল গ্রহণ করবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, লেবানন ইস্যুকে কেন্দ্র করে ইরান সরাসরি হামলা চালালে ইসরাইল “পূর্ণ শক্তি” দিয়ে জবাব দেবে।
ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরও সমঝোতার সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি ইসরাইলের জন্য বাধ্যতামূলক নয়। দেশটির নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত ইসরাইল নিজেই নেবে।
অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘোষণার পর তারা কোনো সামরিক অভিযান চালায়নি। তবে সংগঠনটি বলেছে, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ভর করবে ইসরাইলের আচরণের ওপর এবং তারা লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচল মেনে নেবে না।
লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধের তীব্রতা কিছুটা কমলেও স্থানীয় কর্তৃপক্ষ বাস্তুচ্যুত মানুষদের এখনই নিজ এলাকায় ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। কারণ সীমান্তবর্তী অনেক এলাকায় এখনো সামরিক উপস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও দক্ষিণ লেবানন প্রশ্নে ইসরাইলের অবস্থান ভবিষ্যতে নতুন কূটনৈতিক ও নিরাপত্তা জটিলতা তৈরি করতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স