সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:২৮ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬

টেক্সাস থেকে মিসিসিপি; বন্যা সতর্কতায় ১৭ মিলিয়ন মানুষ

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে টেক্সাস থেকে মিসিসিপি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, টেক্সাসের বানদেরা কাউন্টিতে সোমবার সকালে এক নারী জরুরি সেবা নম্বর ৯১১–এ ফোন করে জানান, তার গাড়ি বন্যার পানিতে […]

টেক্সাস থেকে মিসিসিপি; বন্যা সতর্কতায় ১৭ মিলিয়ন মানুষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে টেক্সাস থেকে মিসিসিপি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, টেক্সাসের বানদেরা কাউন্টিতে সোমবার সকালে এক নারী জরুরি সেবা নম্বর ৯১১–এ ফোন করে জানান, তার গাড়ি বন্যার পানিতে ভেসে একটি খালের দিকে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর উদ্ধারকারীরা গাড়িটির সন্ধান পান এবং ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেন।

ভারী বৃষ্টিপাতের কারণে টেক্সাসের সান অ্যান্টোনিও, হিউস্টন ও ওয়াকো শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। বহু যানবাহন আটকা পড়েছে এবং কিছু এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। লুইজিয়ানার শ্রিভপোর্টেও কয়েকটি এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়েছে। সেখানে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ার খবর পাওয়া গেছে।

মিসিসিপির সেন্ট মার্টিন এলাকায় পানি বেড়ে যাওয়ায় মহাসড়কের একাধিক র‌্যাম্প সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, করপাস ক্রিস্টি, হিউস্টন, লাফায়েত, আলেকজান্দ্রিয়া ও ম্যাককম্বসহ কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার হিউস্টন, বোমন্ট, লেক চার্লস ও লাফায়েত এলাকায় বন্যার ঝুঁকি বেশি থাকবে। আর বৃহস্পতিবার ব্যাটন রুজ, জ্যাকসন, মন্টগোমারি ও বার্মিংহামে নতুন করে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে একটি ক্রান্তীয় নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে শক্তিশালী হয়ে ক্রান্তীয় ঝড়ে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের মতে, এর ঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। ঝড়টির নাম হতে পারে ‘আর্থার’।

মধ্য-পশ্চিমাঞ্চলে টর্নেডোর শঙ্কা

দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির মধ্যেই নতুন উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে। আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে ওই অঞ্চলে শক্তিশালী টর্নেডো, ধ্বংসাত্মক ঝড়ো হাওয়া এবং বড় আকারের শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এতে প্রায় ৪ কোটি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ইলিনয় ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা। এছাড়া মিজৌরি, আইওয়া ও ওহাইওর কিছু অংশও বৈরী আবহাওয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, কয়েকটি এলাকায় দীর্ঘস্থায়ী ও শক্তিশালী টর্নেডো তৈরি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৮০ মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং বেসবল বলের সমান আকারের শিলাবৃষ্টিও হতে পারে।

ইলিনয়ের স্প্রিংফিল্ড, পিওরিয়া, ডিকেচার, শ্যাম্পেইন ও ব্লুমিংটন এবং ইন্ডিয়ানার রেনসেলিয়ারকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রাখা হয়েছে। এছাড়া শিকাগো, ইন্ডিয়ানাপোলিস, সেন্ট লুইস ও ফোর্ট ওয়েন শহরও সতর্কতার আওতায় রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ