জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই প্রকট হয়ে উঠছে যুক্তরাষ্ট্রজুড়ে। ভয়াবহ তাপপ্রবাহ, শক্তিশালী বজ্রঝড় এবং আকস্মিক বন্যার আশঙ্কায় দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, গ্রীষ্ম মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কবলে পড়েছে, যার ফলে প্রায় আড়াই কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য ও জীবনঝুঁকির মুখে রয়েছে। এদিকে নিউইয়র্ক সিটির স্বাস্থ্য […]
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই প্রকট হয়ে উঠছে যুক্তরাষ্ট্রজুড়ে। ভয়াবহ তাপপ্রবাহ, শক্তিশালী বজ্রঝড় এবং আকস্মিক বন্যার আশঙ্কায় দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, গ্রীষ্ম মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কবলে পড়েছে, যার ফলে প্রায় আড়াই কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য ও জীবনঝুঁকির মুখে রয়েছে।
এদিকে নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি বছর তাপজনিত কারণে শহরটিতে গড়ে প্রায় ৫০০ মানুষের মৃত্যু ঘটে। সংস্থাটি তাপপ্রবাহকে নিউইয়র্কের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের বহু এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি থাকবে। কিছু স্থানে অনুভূত তাপমাত্রা ১০৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে, যা জুন মাসের গড় তাপমাত্রার চেয়ে ৫ থেকে ১০ ডিগ্রি বেশি।
বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে নর্থ ক্যারোলাইনার র্যালি ও উইলমিংটন, সাউথ ক্যারোলাইনার মার্টল বিচ, ফ্লোরিডার টালাহাসি, মিসিসিপির হ্যাটিসবার্গ এবং ওকলাহোমার টালসা। এসব এলাকায় দীর্ঘ সময় ধরে তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনের বিভিন্ন অঞ্চলেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১০ থেকে ২৫ ডিগ্রি পর্যন্ত বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সাধারণত শীতল আবহাওয়ার জন্য পরিচিত পোর্টল্যান্ড, সিয়াটল, বেকার্সফিল্ড ও রেডিং শহরেও বিশেষ তাপ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, তীব্র গরমের সঙ্গে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় অনেক এলাকায় বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার ঝুঁকিও তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, তাপজনিত মৃত্যুর বড় অংশ ঘটে এমন দিনগুলোতে যখন তাপমাত্রা তুলনামূলক কম মনে হলেও তা ৮২ থেকে ৯৪ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে অবস্থান করে। অনেক মানুষ এ ধরনের আবহাওয়াকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা না করায় স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়।
স্বাস্থ্য বিভাগের কমিশনার ডা. অ্যালিস্টার এফ. মার্টিন বলেন, তাপপ্রবাহ একটি নীরব ঘাতকের মতো কাজ করে। জলবায়ু পরিবর্তনের ফলে শহরগুলো আরও উষ্ণ হয়ে উঠছে এবং যথাযথ প্রস্তুতি নিলে এসব মৃত্যুর বড় অংশ প্রতিরোধ করা সম্ভব।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের জুন মাসে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সময় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে কৃষ্ণাঙ্গ ও লাতিনো জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলক বেশি ছিল। বিশেষজ্ঞদের মতে, নিম্নমানের আবাসন, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব এবং অর্থনৈতিক বৈষম্য এই জনগোষ্ঠীগুলোর ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।
অনেক ক্ষেত্রেই বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র না থাকা কিংবা বিদ্যুতের উচ্চ ব্যয়ের কারণে তা ব্যবহার করতে না পারার ফলে মৃত্যুর ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিম্ন আয়ের মানুষের জন্য পরিচালিত ফেডারেল সহায়তা কর্মসূচি ‘হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’-এর বরাদ্দও চলতি বছর চাহিদার তুলনায় কম ছিল। ফলে নির্ধারিত সময়ের আগেই জুনের শুরুতে এ কর্মসূচির সুবিধা বন্ধ হয়ে যায়।
চিকিৎসকদের সতর্কবার্তায় বলা হয়েছে, অতিরিক্ত গরমে দীর্ঘ সময় অবস্থান করলে হিট এক্সহসশন ও হিট স্ট্রোকের মতো গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রবীণ ব্যক্তি, শিশু, গর্ভবতী নারী, হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগী এবং বাইরে কাজ করা শ্রমিকদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি।
তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ায় কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও দেখা দিয়েছে। পাশাপাশি কৃষি উৎপাদন, গবাদিপশুর স্বাস্থ্য এবং সেচ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ নতুন কয়েকটি কুলিং সেন্টার চালু করেছে। তাপমাত্রা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে এসব কেন্দ্র সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হবে।
কর্তৃপক্ষ বাসিন্দাদের পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে কুলিং সেন্টার, লাইব্রেরি বা অন্যান্য শীতল স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নিয়মিত অনুসরণ করার আহ্বানও জানানো হয়েছে।