দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকর করার প্রস্তুতি চলছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মচারীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে নতুন এই বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত পে-স্কেলে বর্তমানের ২০টি গ্রেডই বহাল রাখা হচ্ছে। তবে প্রায় সব গ্রেডের মূল […]
ছবি: সংগৃহীত
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকর করার প্রস্তুতি চলছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মচারীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে নতুন এই বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত পে-স্কেলে বর্তমানের ২০টি গ্রেডই বহাল রাখা হচ্ছে। তবে প্রায় সব গ্রেডের মূল বেতন দ্বিগুণ বা তারও বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এতে নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ১ম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত হতে পারে।
প্রস্তাব বাস্তবায়িত হলে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা যুক্ত করে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মাসিক মোট আয় প্রায় ৪১ হাজার ৯০৮ টাকায় পৌঁছাতে পারে। একই সঙ্গে বেতন বৈষম্য কমানোর লক্ষ্যেও পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত ১:৯.০৭৬ হলেও নতুন কাঠামোয় তা কমিয়ে ১:৮ করার পরিকল্পনা রয়েছে।
বেতন কমিশনের আলোচনায় দুটি বিকল্প বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রথমত, অধিকাংশ গ্রেডে মূল বেতন অন্তত ৫০ শতাংশ বাড়ানো। দ্বিতীয়ত, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন সরাসরি দ্বিগুণ করার ব্যবস্থা রাখা।
এর ফলে শিক্ষক, অফিস সহকারী, অফিস সহায়ক, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী অধ্যাপক ও বিভিন্ন প্রশাসনিক পদে কর্মরত কর্মকর্তাদের বেতনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন পে-স্কেলের সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও সুখবর রয়েছে। যেসব পেনশনভোগী বর্তমানে ২০ হাজার টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় রয়েছে। এতে বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন-ভাতা খাতে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হতে পারে। তবে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে ১ জুলাই থেকে এবং কর্মচারীরা বকেয়াসহ বর্ধিত সুবিধা পাবেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হয়েছিল। এরপর দীর্ঘ ১১ বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসস্থান, পরিবহন ও স্বাস্থ্যসেবার ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় নতুন পে-স্কেলের দাবি জোরালো হয়ে ওঠে। বিশেষ করে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কমাতে এবারের পে-স্কেলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।