সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৩৭ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

তিস্তা নদীতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ এবং সেচ সুবিধা বাড়াতে আরও একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে প্রকল্পটির কারিগরি ও আর্থিক বিষয়গুলো বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে […]

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

তিস্তা নদীতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ এবং সেচ সুবিধা বাড়াতে আরও একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে প্রকল্পটির কারিগরি ও আর্থিক বিষয়গুলো বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। তিনি সশরীরে সংসদে উপস্থিত না থাকলেও তার নির্ধারিত উত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন তিস্তা নদীবেষ্টিত ও উন্নয়নবঞ্চিত পীরগাছা ও কাউনিয়া এলাকার জীবনমান উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ এবং তিস্তার ওপর নতুন সেতু বা যোগাযোগ অবকাঠামো নির্মাণে সরকারের কোনো সমন্বিত মহাপরিকল্পনা রয়েছে কি না—তা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও কৃষির জন্য তিস্তা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উজানে বাঁধ নির্মাণসহ বিভিন্ন কারণে শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ কমে যায়, ফলে তিস্তা সেচ প্রকল্পসহ কৃষিকাজ ব্যাহত হয়। অন্যদিকে বর্ষাকালে উজানে অতিবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও নদীভাঙন দেখা দেয়।

তিনি জানান, তিস্তা অববাহিকার পাঁচ জেলা—রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটে নদীভাঙন প্রতিরোধে বিগত ও চলতি অর্থবছরে ২৩০ কোটি টাকা ব্যয়ে ৪২ দশমিক ৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজ চলমান রয়েছে। এসব কাজ চলতি মাসেই শেষ হওয়ার কথা।

প্রধানমন্ত্রী আরও বলেন, রংপুর-৪ আসনের তিস্তা নদীসংলগ্ন এলাকায় প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ৪ দশমিক ৬ কিলোমিটার নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যা চলতি মাসের মধ্যেই সম্পন্ন হবে। এতে সংশ্লিষ্ট এলাকায় নদীভাঙন উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, তিস্তাকেন্দ্রিক দীর্ঘমেয়াদি ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য একটি সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সমীক্ষা প্রতিবেদনে তিস্তা মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীশাসন ও নদীতীর সংরক্ষণ, ১১০ কিলোমিটার ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের ওপর সড়ক নির্মাণ, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও সংস্কার এবং ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন কাজের প্রস্তাব করা হয়েছে।

এদিকে সংসদে প্রধানমন্ত্রী হামের প্রাদুর্ভাব মোকাবিলা, মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন, নতুন শ্রমবাজার অনুসন্ধান, বিভাগীয় শহরে ভূ-উপরিস্থ পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং হজের ব্যয় কমানোর বিষয়েও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ