সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, […]
ছবি: সংগৃহীত
সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভারত সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বেড়া নির্মাণের কার্যক্রমও বিবেচনাধীন রয়েছে। তবে প্রকল্পগুলোর সম্ভাব্য ব্যয়, বাস্তবায়ন সময়সূচি কিংবা নির্দিষ্ট স্থান সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের অতি সংবেদনশীল এলাকায় স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে। এছাড়া দুর্গম সীমান্ত এলাকায় ড্রোন, থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস ও সিসিটিভির মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) ও টহল ঘাঁটি (টিওবি) স্থাপন করা হয়েছে। এর ফলে সীমান্ত টহলের কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে এবং বিওপিগুলোর মধ্যবর্তী দূরত্ব কমে এসেছে। সীমান্ত হত্যা, চোরাচালান ও অন্যান্য অপরাধ রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে ‘হাই-রিস্ক জোন’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জানান, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের প্রতিটি বৈঠকে বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বিএসএফের পুশইনের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হাজারো ব্যক্তিকে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করে সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। গত এক বছরে বিজিবি প্রায় ১ হাজার ৯৭৯ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ ঠেকাতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।
এদিকে সংসদে তিনি কারাগারের পরিস্থিতি সম্পর্কেও তথ্য দেন। বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় ১.৭ গুণ বন্দি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আবাসন সংকট নিরসনে নতুন কারাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কারা বিভাগের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শত শত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ১৮৬৭ সালের পুরোনো আইন বাতিল করে আধুনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ প্রণয়নের কাজ চলছে।