সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৪২ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬

‘এ দেশে থাকতে হলে সংবিধান মানুন, না হলে বাংলাদেশে চলে যান’—মমতাকে দিলীপ ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ। কালীঘাটে মমতার দীর্ঘদিনের নিরাপত্তারক্ষীদের পরিবর্তন ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘সংবিধান ও সরকার না মানলে এ দেশে থাকার কোনো অর্থ নেই, বাংলাদেশে চলে যান।’ বৃহস্পতিবার (১৮ জুন) পশ্চিমবঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে […]

‘এ দেশে থাকতে হলে সংবিধান মানুন, না হলে বাংলাদেশে চলে যান’—মমতাকে দিলীপ ঘোষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ। কালীঘাটে মমতার দীর্ঘদিনের নিরাপত্তারক্ষীদের পরিবর্তন ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘সংবিধান ও সরকার না মানলে এ দেশে থাকার কোনো অর্থ নেই, বাংলাদেশে চলে যান।’

বৃহস্পতিবার (১৮ জুন) পশ্চিমবঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিলীপ ঘোষ এ মন্তব্য করেন। তার বক্তব্য ইতোমধ্যে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মমতা ব্যানার্জির কালীঘাটের বাসভবনে দীর্ঘদিন দায়িত্ব পালন করা ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাদের (পিএসও) সরিয়ে নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। দলটির দাবি, প্রায় দুই দশক ধরে মমতার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের হঠাৎ সরিয়ে দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, সরকার যাকে যেখানে দায়িত্ব দেয়, সেটি সরকারের এখতিয়ার। একজন রাজনৈতিক নেতার পছন্দ-অপছন্দের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালিত হতে পারে না।

তিনি বলেন, ‘আমাকেও একসময় সরকার নিরাপত্তারক্ষী দিয়েছিল। আমি তো কাউকে বেছে নিইনি। সরকার যাদের দিয়েছে, তারাই দায়িত্ব পালন করেছে। তাহলে তিনি কেন আলাদা সুবিধা চাইবেন?’

দিলীপ আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী থাকাকালে প্রশাসনিক নিয়োগ ও বদলির ক্ষেত্রে মমতা ব্যানার্জি নিজেই ব্যাপক প্রভাব বিস্তার করতেন। তিনি বলেন, ‘যখন তিনি ক্ষমতায় ছিলেন, তখন কোথায় কাকে রাখা হবে, তা তিনিই ঠিক করতেন। এখন অন্য সরকার দায়িত্বে আছে। তাদেরও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।’

এরপরই তিনি বিতর্কিত মন্তব্য করে বলেন, ‘তিনি যদি সংবিধান না মানেন, সরকার না মানেন, তাহলে এ দেশে আছেন কেন? বাংলাদেশে চলে যান।’

শুধু নিরাপত্তা ইস্যু নয়, মমতা ব্যানার্জির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন বিজেপির এই নেতা। তিনি বলেন, ‘মিছিল করার সময় আছে, মিছিল করুন। নিজেকে রাজনৈতিকভাবে জীবিত রাখার জন্য যা প্রয়োজন, তাই করছেন।’

রাজ্যের হকার বা ফুটপাত ব্যবসায়ী ইস্যুতেও তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন দিলীপ ঘোষ। তার অভিযোগ, ক্ষমতায় থাকাকালে তৃণমূলের স্থানীয় নেতারাই বিভিন্ন জায়গায় অর্থের বিনিময়ে হকার বসিয়েছেন।

তিনি বলেন, ‘রাস্তাঘাট ব্যবসা করার জায়গা নয়। যারা টাকা নিয়ে হকার বসিয়েছে, তাদের কাছেই জবাব চাইতে হবে। সরকারের দায়িত্ব সাধারণ মানুষের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করা।’

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে নেওয়া আইনগত ব্যবস্থার প্রসঙ্গও তোলেন দিলীপ ঘোষ। সাবেক মন্ত্রী উদয়ন গুহ ও সুশান্ত ঘোষকে ঘিরে চলমান বিতর্ক উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে যেসব অভিযোগ ছিল, সেগুলো এখন সামনে আসছে।

তার ভাষ্য, ‘এতদিন মানুষ ভয় পেত বলে অভিযোগ করতে পারেনি। এখন তারা সাহস পাচ্ছে। জমি, ফ্ল্যাট, ক্লাব ও বিভিন্ন সম্পত্তি দখলের অভিযোগ সামনে আসছে।’

দিলীপ ঘোষের ‘বাংলাদেশে চলে যান’ মন্তব্য নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও দলটির নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্যের সমালোচনা করেছেন।

রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে দিলীপ ঘোষের এই বক্তব্য দুই দলের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ