যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক আমদানি ও বিতরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মার্কিন প্রসিকিউটরদের দাবি, তারা ১০ লাখেরও বেশি একক ডোজের সমপরিমাণ বিপজ্জনক রাসায়নিক গামা-বিউটিরোল্যাক্টোন (জিবিএল) পাচারের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন ম্যানহাটনের বাসিন্দা ৪৮ বছর বয়সী মার্ক ডিগডন এবং ৩৪ বছর বয়সী রদ্রিগো কাস্ত্রো। ম্যানহাটনের ইউএস অ্যাটর্নি অফিস গত […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক আমদানি ও বিতরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মার্কিন প্রসিকিউটরদের দাবি, তারা ১০ লাখেরও বেশি একক ডোজের সমপরিমাণ বিপজ্জনক রাসায়নিক গামা-বিউটিরোল্যাক্টোন (জিবিএল) পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ম্যানহাটনের বাসিন্দা ৪৮ বছর বয়সী মার্ক ডিগডন এবং ৩৪ বছর বয়সী রদ্রিগো কাস্ত্রো। ম্যানহাটনের ইউএস অ্যাটর্নি অফিস গত ১৭ জুন তাদের বিরুদ্ধে নিয়ন্ত্রিত রাসায়নিক বিতরণের অভিযোগে আনুষ্ঠানিক চার্জ গঠন করেছে। দোষী সাব্যস্ত হলে প্রত্যেকের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে তারা বিপুল পরিমাণ জিবিএল যুক্তরাষ্ট্রে আমদানি করেন। এই রাসায়নিকটি মানবদেহে প্রবেশের পর জিএইচবিতে (GHB) রূপান্তরিত হয়, যা সাধারণত ‘ডেট রেপ ড্রাগ’ হিসেবে পরিচিত। এটি সেবনকারীর চেতনা নষ্ট করতে পারে এবং অতিরিক্ত মাত্রায় প্রাণঘাতী হতে পারে।
প্রসিকিউটরদের অভিযোগ, অভিযুক্তরা বিভিন্ন ছদ্মনামে রাসায়নিকটি বাজারজাত করতেন এবং নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা করেছিলেন।
ম্যানহাটনের প্রধান মার্কিন অ্যাটর্নি জয় ক্লেটন বলেন, এই বিপজ্জনক রাসায়নিকের একটি ডোজও প্রাণঘাতী হতে পারে। জননিরাপত্তার স্বার্থে দীর্ঘদিন নজরদারির পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, রদ্রিগো কাস্ত্রোর আইনজীবী ড্যানিয়েল ম্যাকগুইনেস দাবি করেছেন, তার মক্কেল নির্দোষ এবং আদালতে নিজের অবস্থান প্রমাণ করবেন। তবে প্রসিকিউটররা বলছেন, অভিযুক্তদের বিরুদ্ধে তাদের কাছে ব্যবসায়িক নথি, ডিজিটাল লেনদেনের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে।
মামলাটির তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।