ইসরায়েলপন্থী সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি (সুপার পিএসি), বিশেষ করে AIPAC-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে আবারও আলোচনায় এসেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি অভিযোগ করেছেন, এসব রাজনৈতিক অর্থায়নকারী গোষ্ঠী “নতুন পৃথিবীর জন্মে বাধা দিচ্ছে” এবং বিপুল অর্থ ব্যয় করে জনমত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। সোমবার নিউইয়র্ক সিটি হলের রোটুন্ডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে […]
ছবি: সংগৃহীত
ইসরায়েলপন্থী সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি (সুপার পিএসি), বিশেষ করে AIPAC-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে আবারও আলোচনায় এসেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি অভিযোগ করেছেন, এসব রাজনৈতিক অর্থায়নকারী গোষ্ঠী “নতুন পৃথিবীর জন্মে বাধা দিচ্ছে” এবং বিপুল অর্থ ব্যয় করে জনমত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে।
সোমবার নিউইয়র্ক সিটি হলের রোটুন্ডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামদানি তার আগের মন্তব্যের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। এর আগে এক নির্বাচনী সমাবেশে AIPAC-কে ইঙ্গিত করে তিনি “মনস্টার” শব্দ ব্যবহার করেছিলেন, যা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
সংবাদ সম্মেলনে মামদানি বলেন, তিনি কোনো নির্দিষ্ট একক সংগঠনকে নয়, বরং সামগ্রিকভাবে সেইসব সুপার পিএসির কথা বলেছেন, যারা বিপুল অর্থ ব্যয় করে রাজনৈতিক প্রচারণা পরিচালনা করে। তার দাবি, এসব গোষ্ঠী বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে।
এর আগে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে এক নির্বাচনী সমাবেশেও তিনি একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, বিভিন্ন রূপে সংগঠিত এসব শক্তি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অস্বাভাবিক প্রভাব বিস্তার করছে।
পরবর্তীতে ব্রুকলিনের কিংস থিয়েটারে দেওয়া এক বক্তব্যে মামদানি AIPAC এবং ইসরায়েল-সংক্রান্ত মার্কিন নীতির কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সংগঠনটি রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এবং জনমতকে প্রভাবিত করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণে রাখতে চায়।
তার এ মন্তব্যের পর নিউইয়র্কের ইহুদি সম্প্রদায়ের একাংশ উদ্বেগ প্রকাশ করে। ম্যানহাটনের আপার ইস্ট সাইডের কেহিলাথ জেরুশালেম সিনাগগের সিনিয়র রাব্বি চাইম স্টেইনমেটজ বলেন, এ ধরনের ভাষা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সমাজে উত্তেজনা ও বিভাজন বাড়াতে পারে।
তিনি আরও বলেন, AIPAC-কে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে, যা বাস্তবতাকে অতিসরলীকরণ করে এবং অপ্রয়োজনীয় বিরোধ সৃষ্টি করতে পারে।
নিজের বক্তব্যে মামদানি ইতালীয় সমাজতান্ত্রিক চিন্তক আন্তোনিও গ্রামশির একটি ধারণারও উল্লেখ করেন। তিনি বলেন, পুরোনো রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন বাস্তবতার জন্মের যে ধারণা গ্রামশি তুলে ধরেছিলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনেকাংশে তার প্রতিফলন। তবে এই ব্যাখ্যা নিয়েও বিভিন্ন মহলে মতভেদ রয়েছে।
বিশ্লেষকদের মতে, মামদানির সাম্প্রতিক মন্তব্য নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং ইসরায়েল, লবিং গ্রুপ ও নির্বাচনী অর্থায়ন নিয়ে চলমান আলোচনাকে আরও তীব্র করে তুলতে পারে।