জার্মানির খুচরা বাজার ও সুপারশপগুলোতে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৫ সালে দেশটির বিভিন্ন দোকান থেকে প্রায় ৪ দশমিক ৩৩ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য চুরি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেশি। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। জার্মান বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান ইএইচআইয়ের প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, শুধু ক্রেতারাই নয়, দোকানের কর্মচারী, […]
ছবি: সংগৃহীত
জার্মানির খুচরা বাজার ও সুপারশপগুলোতে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৫ সালে দেশটির বিভিন্ন দোকান থেকে প্রায় ৪ দশমিক ৩৩ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য চুরি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেশি। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
জার্মান বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান ইএইচআইয়ের প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, শুধু ক্রেতারাই নয়, দোকানের কর্মচারী, ডেলিভারি সেবার সঙ্গে জড়িত ব্যক্তিরা এবং বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরাও এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত।
গবেষণায় দেখা গেছে, মোট চুরির সবচেয়ে বড় অংশের জন্য দায়ী সাধারণ ক্রেতারা। তবে সংঘবদ্ধ চোরচক্রের ভূমিকাও উল্লেখযোগ্য। সব ধরনের খুচরা বিক্রয়কেন্দ্রে সংঘটিত চুরির প্রায় এক-তৃতীয়াংশই সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে হয়েছে।
এসব চক্র সাধারণ ক্রেতার ছদ্মবেশে দোকানে প্রবেশ করে এবং তুলনামূলক উচ্চমূল্যের পণ্য যেমন মদ, প্রসাধনী, ব্র্যান্ডেড সুগন্ধি ও শেভিং ব্লেড চুরি করে থাকে। পরে এসব পণ্য কালোবাজার বা অনানুষ্ঠানিক বাজারে বিক্রি করা হয়।
ইএইচআই জানিয়েছে, শুধু কর্মচারীদের মাধ্যমে সংঘটিত চুরির কারণে গত বছর ব্যবসায়ীদের প্রায় ৯১ কোটি ইউরো ক্ষতি হয়েছে। অন্যদিকে ডেলিভারি ও পরিবহন-সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কারণে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৭ কোটি ইউরো।
চুরির পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক ও প্রযুক্তিগত ত্রুটিও ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলছে। মূল্যছাড়ের ট্যাগ সময়মতো হালনাগাদ না করা, হিসাবরক্ষণে ভুল, তথ্য নিবন্ধনে অসঙ্গতি এবং ভুল পণ্য সরবরাহের মতো কারণে ২০২৫ সালে প্রায় ৭৮ কোটি ইউরোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।
বর্তমানে জার্মানির অনেক দোকানে স্বয়ংক্রিয় বা সেলফ-চেকআউট ব্যবস্থা চালু রয়েছে। তবে এই প্রযুক্তিও নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে। এসব কাউন্টারে ক্রেতারা নিজেরাই পণ্য স্ক্যান করে মূল্য পরিশোধ করেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিছু পণ্য ইচ্ছাকৃতভাবে স্ক্যান না করা, অথবা দামি পণ্যের পরিবর্তে কমদামের পণ্য স্ক্যান করে অর্থ পরিশোধের মতো প্রতারণামূলক কর্মকাণ্ড বাড়ছে।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, সেলফ-চেকআউট ব্যবস্থার সুযোগ নিয়ে সংঘটিত এসব প্রতারণা ব্যবসায়ীদের জন্য ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
ইএইচআইয়ের হিসাব অনুযায়ী, ২১ হাজারেরও বেশি বিক্রয়কেন্দ্রে সংঘটিত চুরি ও পণ্য গায়েব হওয়ার কারণে প্রতি বছর প্রায় ৫৯ কোটি ইউরো ভ্যাট রাজস্ব হারাচ্ছে জার্মান সরকার।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার ফলে অনেক মানুষ আর্থিক চাপে পড়েছেন। এর প্রভাব খুচরা বাজারে চুরির প্রবণতা বৃদ্ধির মধ্যেও প্রতিফলিত হচ্ছে।
গবেষণার অন্যতম লেখক ফ্রাঙ্ক হর্স্ট বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বহু ভোক্তা ও কর্মচারী আর্থিক সংকটে রয়েছেন। এই পরিস্থিতি চুরির প্রবণতা বাড়ানোর পেছনে ভূমিকা রাখছে।
তবে জার্মান খুচরা ব্যবসায়ী সমিতি (এইচডিই) মনে করে, বাস্তব পরিস্থিতি গবেষণার পরিসংখ্যানের চেয়েও বেশি উদ্বেগজনক। সংগঠনটির দাবি, দোকানে সংঘটিত প্রায় ৯৮ শতাংশ চুরির ঘটনাই কখনো ধরা পড়ে না। আবার অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও সীমিত ফলাফলের কারণে অভিযোগ দায়ের করতেও আগ্রহ দেখান না।
ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ এবং চুরির সংখ্যা সরকারি হিসাবের তুলনায় আরও অনেক বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।