চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবনগুলোর একটি ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ারে একটি ছোট আকারের বিমান আঘাত হানার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পরপরই ভবনটির ভেতরে থাকা কর্মী ও দর্শনার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বেইজিংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় অবস্থিত সিটিক টাওয়ারে এই […]
ছবি: সংগৃহীত
চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবনগুলোর একটি ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ারে একটি ছোট আকারের বিমান আঘাত হানার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পরপরই ভবনটির ভেতরে থাকা কর্মী ও দর্শনার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বেইজিংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় অবস্থিত সিটিক টাওয়ারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শোনার পর ভবনের উঁচু অংশ থেকে কাচ ও ধ্বংসাবশেষ নিচে পড়তে দেখা যায়। এরপর ভবনের ভেতরে অবস্থানরত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, ভবনের উপরের অংশে ক্ষতিগ্রস্ত কাচ এবং নিচের রাস্তায় ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ এবং জরুরি চিকিৎসা সেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন।
এ পর্যন্ত হতাহত বা আহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে বিমানটিতে কতজন আরোহী ছিলেন, এটি কোথা থেকে উড্ডয়ন করেছিল এবং কী কারণে ভবনটিতে আঘাত হেনেছে—সেসব বিষয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটি আকারে একটি ছোট ব্যক্তিগত বা প্রশিক্ষণ বিমানের মতো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হালকা স্পোর্টস বিমান হতে পারে। তবে চীনা কর্তৃপক্ষ এখনো বিমানটির পরিচয় বা মালিকানা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
ঘটনার পর সিটিক টাওয়ার ও আশপাশের সড়কগুলো ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয় এবং ভবনটির আশপাশের এলাকায় যান চলাচলেও সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
বিশ্লেষকদের মতে, বিশ্বের সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত আকাশসীমাগুলোর একটি হলো বেইজিংয়ের আকাশপথ। ফলে রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত একটি বহুতল ভবনে বিমান আঘাত হানার ঘটনা চীনের বিমান নিরাপত্তা ও আকাশসীমা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। বিমানটির গতিপথ, যোগাযোগ ব্যবস্থা এবং উড্ডয়নের অনুমোদন সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।