পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) কার্যকর করা, ধর্মান্তরবিরোধী কঠোর আইন প্রণয়ন এবং অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার স্বার্থেই এসব উদ্যোগ গ্রহণ করা হবে। প্রস্তাবিত ধর্মান্তরবিরোধী আইন কার্যকর হলে ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ […]
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) কার্যকর করা, ধর্মান্তরবিরোধী কঠোর আইন প্রণয়ন এবং অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার স্বার্থেই এসব উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রস্তাবিত ধর্মান্তরবিরোধী আইন কার্যকর হলে ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে সরকারি অনুমোদন ও নির্ধারিত আইনি প্রক্রিয়ার গুরুত্ব বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গে ধর্মান্তরের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং জনসংখ্যার ভারসাম্যেও পরিবর্তন দেখা দিচ্ছে। তার মতে, এই পরিস্থিতি রাজ্যের সামাজিক কাঠামো ও দেশের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে।
শুভেন্দু বলেন, খুব শিগগিরই পশ্চিমবঙ্গে ধর্মান্তরবিরোধী আইন, অভিন্ন দেওয়ানি বিধি এবং জাতীয় নাগরিক পঞ্জি বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও দাবি করেন, সীমান্তবর্তী এলাকায় অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় জমি ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও ফেরত পাঠানোর উদ্দেশ্যে বিভিন্ন জেলায় আটক কেন্দ্রও স্থাপন করা হয়েছে।
তার ভাষায়, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশের সংস্কৃতি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে।
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুরা অনুপ্রবেশকারী নন। বরং সিএএ অনুযায়ী তারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ভারতে বসবাস করেও যারা দেশটির সশস্ত্র বাহিনীকে অসম্মান করে, ‘অপারেশন সিঁদুর’-এর বিরোধিতা করে অথবা পেহেলগাম ইস্যুতে নীরব থেকে শুধুমাত্র মানবতার কথা বলে, তাদের এমন কর্মকাণ্ড পশ্চিমবঙ্গে মেনে নেওয়া হবে না।
তার এই বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতি ও জাতীয় ইস্যুগুলোকে ঘিরে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।