সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:০৮ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে উচ্ছ্বসিত কলকাতার ব্যবসায়ীরা, মিষ্টিমুখে উদযাপন

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসা পুনরায় চালুর ঘোষণায় স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে কলকাতার ব্যবসায়ী মহলে। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা আবারও ভারতীয় পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবেন—এই খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন। বিশেষ করে নিউ মার্কেটকেন্দ্রিক ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। […]

বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে উচ্ছ্বসিত কলকাতার ব্যবসায়ীরা, মিষ্টিমুখে উদযাপন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসা পুনরায় চালুর ঘোষণায় স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে কলকাতার ব্যবসায়ী মহলে। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা আবারও ভারতীয় পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবেন—এই খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন।

বিশেষ করে নিউ মার্কেটকেন্দ্রিক ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। দীর্ঘ সময় ধরে ব্যবসায় মন্দা কাটিয়ে আবারও পুরোনো ব্যস্ততা ফিরবে—এমন প্রত্যাশা থেকেই তারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন।

বৈঠকে অংশ নেওয়া মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বাংলাদেশি পর্যটকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অবকাঠামোগত উন্নয়ন এবং সম্ভাব্য দুর্বলতা চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়। সিসিটিভি নজরদারি ব্যবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়।

ব্যবসায়ীদের ভাষ্য, কয়েক বছর আগে বাংলাদেশি পর্যটকেরা যে পরিচিত ও প্রাণবন্ত কলকাতা দেখে গিয়েছিলেন, এবারও তারা যেন একই অভিজ্ঞতা পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য। পর্যটকদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে স্থানীয় ব্যবসায়ীরা একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৪ সালের আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা কার্যত বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে কলকাতার পর্যটকনির্ভর ব্যবসাগুলো। নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট এবং লিন্ডসে স্ট্রিটসহ আশপাশের এলাকার দোকানপাট ও সেবাখাত দীর্ঘ সময় ধরে ক্রেতাশূন্য অবস্থার মধ্য দিয়ে যায়।

অনেক ব্যবসায়ী জানিয়েছেন, বিক্রি কমে যাওয়ায় তাদের কেউ ঋণ নিতে বাধ্য হয়েছেন, কেউ ব্যবসা বন্ধ করেছেন, আবার কেউ পেশাই পরিবর্তন করেছেন। ফলে ভিসা চালুর সিদ্ধান্ত তাদের কাছে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

শুধু ব্যবসায়ী নন, হোটেল মালিক, পোশাক বিক্রেতা, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী, মোবাইল সিম বিক্রেতা এমনকি রিকশাচালকরাও আশা করছেন, বাংলাদেশি পর্যটকদের আগমনে আবারও জমে উঠবে এই এলাকা।

মনোতোষ সাহা বলেন, গত দুই বছর তাদের জন্য ছিল অত্যন্ত কঠিন সময়। এখন তারা আশাবাদী যে বাংলাদেশি পর্যটকদের আগমনের মাধ্যমে নিউ মার্কেট আবারও তার পুরোনো প্রাণচাঞ্চল্য ফিরে পাবে।

অন্যদিকে সঞ্জয় মজুমদার জানান, শুধুমাত্র মেডিকেল ভিসার ওপর নির্ভর করে পরিবহন ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হয়নি। ফলে পুরো এলাকাজুড়েই ব্যবসায়িক স্থবিরতা নেমে এসেছিল।

স্থানীয় ব্যবসায়ী মুস্তাজ বলেন, বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এলাকায় স্থাপিত প্রায় ৩৬টি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়েছে। অতীতে পর্যটকদের হারিয়ে যাওয়া ব্যাগ কিংবা পাসপোর্ট উদ্ধারেও এসব ক্যামেরার তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

কামরুদ্দিন মালিক জানান, গত দুই বছরে নিউ মার্কেটের ব্যবসা প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল। তার প্রত্যাশা, ভিসা ব্যবস্থা স্বাভাবিক হলে ব্যবসা আবারও আগের অবস্থায় ফিরতে শুরু করবে।

একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন কুসুম। তিনি বলেন, তাদের ব্যবসার একটি বড় অংশই বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল। বিশেষ করে ওষুধ, প্রসাধনী এবং শুকনো খাবার কিনতে অনেক বাংলাদেশি নিয়মিত কলকাতায় আসতেন।

এদিকে নিউ মার্কেট এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ব্যবসায়ীও মনে করছেন, পর্যটক বাড়লে স্থানীয় খাবার ও আতিথেয়তা খাতেও নতুন গতি আসবে।

ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে মারকুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিটের ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়েছিল। নিউ মার্কেটের ব্যবসা কমে গিয়েছিল প্রায় ৬০ শতাংশ এবং এর প্রভাব পড়েছিল পাইকারি বাণিজ্যকেন্দ্র বড়বাজার এলাকাতেও।

তাই ভ্রমণ ভিসা পুনরায় চালুর সিদ্ধান্তকে শুধু ব্যবসার জন্য নয়, কলকাতার পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতির জন্যও একটি ইতিবাচক মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন তাদের অপেক্ষা—বাংলাদেশি পর্যটকদের পদচারণায় আবার কবে প্রাণ ফিরে পায় কলকাতার ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলো।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ