ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। সীমিত সক্ষমতার কারণে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারকাজও অনেক এলাকায় পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। খবরটি প্রকাশ করেছে ডয়চে ভেলে। মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় পরিষদের […]
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। সীমিত সক্ষমতার কারণে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারকাজও অনেক এলাকায় পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। খবরটি প্রকাশ করেছে ডয়চে ভেলে।
মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ভয়াবহ এই ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধসে পড়েছে। তাঁর ভাষ্য, রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই ধ্বংসস্তূপ থেকে পচা লাশের দুর্গন্ধ ছড়াতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে সেই দুর্গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে। তবুও নিখোঁজ স্বজনদের খোঁজে বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের আশপাশে অপেক্ষা করছেন।
এমনই একজন মিরেল্লা হেরেরা। ধসে পড়া একটি ভবনের পাশে তিনি তার ছেলের খোঁজে বসে আছেন। সিএনএনকে তিনি বলেন, “এই অপেক্ষা পাগল করে দেওয়ার মতো। নিজেকে ঠিক রাখতে পানি খাচ্ছি, হাঁটছি। ভাবছি, তারা যদি এখনও বেঁচে থাকে, তাহলে হয়তো বেরিয়ে আসার জন্য মরিয়া চেষ্টা করছে।”
অন্যদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহের ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এই মূল্যায়ন করেছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও জ্যামন ভ্যান ডেন হোক।
তাঁরা ২৫ জুন সংগৃহীত ইউরোপীয় মহাকাশ সংস্থার সেনটিনেল-১ স্যাটেলাইটের রাডার তথ্য বিশ্লেষণ করে এ হিসাব দেন। তবে গবেষকেরা এটিকে একটি প্রাথমিক ও দ্রুত মূল্যায়ন বলে উল্লেখ করেছেন।
উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তীব্র দুর্গন্ধ, ধসে পড়া অবকাঠামো এবং সীমিত সরঞ্জাম তাদের কাজকে আরও কঠিন করে তুলেছে।
সূত্র: ডয়চে ভেলে, সিএনএন