গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তর প্রদেশ ও কেরালার পর এবার সংগঠিত অপরাধ ও সমাজবিরোধী কর্মকাণ্ড মোকাবিলায় কঠোর আইন প্রণয়নের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ। রাজ্যের বিধানসভায় সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে, যার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অপরাধে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান যুক্ত করা হয়েছে। পাস হওয়া দুটি বিল হলো— দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক […]
ছবি: সংগৃহীত
গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তর প্রদেশ ও কেরালার পর এবার সংগঠিত অপরাধ ও সমাজবিরোধী কর্মকাণ্ড মোকাবিলায় কঠোর আইন প্রণয়নের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ। রাজ্যের বিধানসভায় সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে, যার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অপরাধে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান যুক্ত করা হয়েছে।
পাস হওয়া দুটি বিল হলো— দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল-২০২৬ এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬। রাজনৈতিক মহলে এগুলো ‘গুন্ডা দমন বিল’ নামেই বেশি পরিচিতি পেয়েছে।
গত ২৯ জুন বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে বিল দুটি উত্থাপন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। পরে সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনার পর কণ্ঠভোটে বিলগুলো পাস হয়। ভোটাভুটিতে বিলের পক্ষে ১৭৬ ভোট, বিপক্ষে ৪১ ভোট পড়ে এবং ২০ জন সদস্য ভোটদানে বিরত থাকেন।
নতুন আইনের আওতায় দাঙ্গা, সংঘবদ্ধ অপরাধ, সহিংস বিক্ষোভ, ভাঙচুর কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে। প্রয়োজন হলে অভিযুক্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলা হবে এবং সেখান থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ আদায় করা হবে।
সরকারের দাবি, বিদ্যমান ফৌজদারি আইন অপরাধীদের শাস্তির সুযোগ দিলেও ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন এবং ক্ষতিপূরণ আদায়ের কার্যকর ব্যবস্থা ছিল না। নতুন আইন সেই শূন্যতা পূরণ করবে।
বিলের পক্ষে বক্তব্য দিতে গিয়ে সরকারপক্ষের নেতারা বলেন, এই আইন সাধারণ নাগরিকদের বিরুদ্ধে নয়, বরং সংঘবদ্ধ অপরাধ ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে।
তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে এই আইন ব্যবহার করা হবে না এবং শুধুমাত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই এটি প্রণয়ন করা হয়েছে।
রাজ্যে অতীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকার বলছে, এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং ক্ষতিগ্রস্ত সম্পদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে।
একই অধিবেশনে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংরক্ষণ ব্যবস্থা আরও কার্যকর ও আইনি জটিলতামুক্ত করতে দুটি সংশোধনী বিলও পাস হয়েছে। এগুলো হলো দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (রিজার্ভেশন অব ভ্যাকান্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস) অ্যামেন্ডমেন্ট বিল-২০২৬ এবং দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল-২০২৬।
সরকারের মতে, এসব সংশোধনের মাধ্যমে অনগ্রসর শ্রেণির তালিকা ও সংরক্ষণ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
বিধানসভায় এবার অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল উত্থাপন না হলেও সরকার জানিয়েছে, এ বিষয়ে কাজ চলছে। প্রস্তাবিত আইনের খসড়া প্রস্তুতের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে এবং তাদের সুপারিশের ভিত্তিতে আগামী আগস্ট মাসে বিধানসভায় বিলটি উত্থাপন করা হতে পারে।
সরকারের দাবি, ধর্মভিত্তিক আলাদা ব্যক্তিগত আইনের পরিবর্তে সবার জন্য একটি অভিন্ন আইনি কাঠামো প্রতিষ্ঠাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য।