ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছানোর পর সেখানে লাখো মানুষের অংশগ্রহণে বিশাল শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শিয়া মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় নগরীতে দেশ-বিদেশ থেকে আসা অসংখ্য অনুসারী তাকে শেষ শ্রদ্ধা জানান। সরকারি কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের মাশহাদ শহরে অষ্টম শিয়া ইমাম রেজা (রা.)-এর মাজার প্রাঙ্গণে […]
ছবি: সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছানোর পর সেখানে লাখো মানুষের অংশগ্রহণে বিশাল শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শিয়া মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় নগরীতে দেশ-বিদেশ থেকে আসা অসংখ্য অনুসারী তাকে শেষ শ্রদ্ধা জানান। সরকারি কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের মাশহাদ শহরে অষ্টম শিয়া ইমাম রেজা (রা.)-এর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
বুধবার (৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়, ভোর থেকেই নাজাফে ইমাম আলী (রা.)-এর মাজারসংলগ্ন এলাকায় মানুষের ঢল নামে। ইরাকের বিভিন্ন অঞ্চল ছাড়াও প্রতিবেশী দেশগুলো থেকে আসা হাজার হাজার শোকাহত মানুষ সেখানে জড়ো হন। পরে মরদেহ নাজাফে পৌঁছালে লাখো মানুষ শোক র্যালিতে অংশ নেন এবং অনেকেই কফিন কাঁধে বহন করেন।
সরকারি কর্মসূচি অনুযায়ী, নাজাফে শ্রদ্ধা নিবেদনের পর বুধবার বিকেলে মরদেহ কারবালায় নেওয়া হবে। সেখানে নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার তা ইরানের মাশহাদ শহরে নিয়ে যাওয়া হবে। ইমাম রেজা (রা.)-এর মাজার প্রাঙ্গণে শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সেখানেই দাফন সম্পন্ন হবে।
খামেনির দাফন উপলক্ষে ইরাক সরকার বুধবার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানসহ দুই দেশের শীর্ষ সরকারি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এর আগে তেহরান, কোমসহ ইরানের বিভিন্ন শহরে কয়েক দিন ধরে রাষ্ট্রীয়ভাবে শোকানুষ্ঠান, দোয়া মাহফিল ও জানাজার আয়োজন করা হয়। সেসব কর্মসূচিতেও বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়ে সাবেক সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানান।