সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৪৬ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬

হামলা-পাল্টা হামলা স্থগিত, আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই দিনের হামলা-পাল্টা হামলার পর আপাতত সামরিক অভিযান স্থগিত রেখে কূটনৈতিক সমাধানের পথে এগোনোর চেষ্টা শুরু হয়েছে। মধ্যস্থতাকারী কয়েকটি দেশের উদ্যোগে দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে কারিগরি পর্যায়ের আলোচনাও চলছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে জানা গেছে, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের অনুরোধ এবং ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে […]

হামলা-পাল্টা হামলা স্থগিত, আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই দিনের হামলা-পাল্টা হামলার পর আপাতত সামরিক অভিযান স্থগিত রেখে কূটনৈতিক সমাধানের পথে এগোনোর চেষ্টা শুরু হয়েছে। মধ্যস্থতাকারী কয়েকটি দেশের উদ্যোগে দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে কারিগরি পর্যায়ের আলোচনাও চলছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে জানা গেছে, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের অনুরোধ এবং ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন হামলা আপাতত স্থগিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে না দেওয়ার লক্ষ্যেই ওয়াশিংটন সামরিক পদক্ষেপ সাময়িকভাবে থামিয়েছে। তবে প্রয়োজন হলে দ্রুত হামলা চালানোর জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত রাখা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, আরব সাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকন রণতরিতে যুদ্ধবিমানগুলোকে আগেই অস্ত্রসজ্জিত করা হয়েছিল এবং পাইলটদের বিশেষ মহড়াও সম্পন্ন হয়। রণতরির ক্যাপ্টেন নাবিকদের সম্ভাব্য সংঘাতের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

একই সঙ্গে মার্কিন ফাইটার জেটগুলো দিন-রাত আকাশ টহল অব্যাহত রেখেছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ইরানে নতুন করে হামলা চালানোর যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়। যদিও তারা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে এবং প্রয়োজন হলে সামরিক অভিযান আবারও শুরু হতে পারে।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, উত্তেজনা প্রশমনে কাতার, পাকিস্তানসহ কয়েকটি আঞ্চলিক দেশ সক্রিয় মধ্যস্থতা করছে। তাদের প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একাধিক দফা টেলিফোনে যোগাযোগ হয়েছে।

মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রথম লক্ষ্য হলো দুই পক্ষকে উত্তেজনা কমাতে রাজি করানো। এরপর পারমাণবিক ইস্যুতে কারিগরি পর্যায়ের পরবর্তী বৈঠকের সময়সূচি নির্ধারণের চেষ্টা চলছে।

এক মার্কিন কর্মকর্তা আলজাজিরাকে বলেন, চলমান উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথ থেকে সরে আসেনি। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য এখনো ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো।

তবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প আঙ্কারায় সাংবাদিকদের বলেছিলেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতিকে তিনি কার্যত সমাপ্ত বলে মনে করেন।

মার্কিন কর্মকর্তাদের মতে, সংঘাত প্রশমনের পাশাপাশি ওয়াশিংটনের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত রাখা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

গত ৮ জুলাই যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে ওই অভিযান পরিচালিত হয়।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ