গোপন বাণিজ্যিক তথ্য ও প্রযুক্তিগত নকশা চুরির অভিযোগে নিজেদের দুই সাবেক কর্মী এবং চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ওপেনএআই যখন নিজস্ব এআই হার্ডওয়্যার তৈরির উদ্যোগ এগিয়ে নিচ্ছে, তখন এই মামলাকে দুই প্রতিষ্ঠানের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মোড় হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার (১০ জুলাই) ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় […]
গোপন বাণিজ্যিক তথ্য ও প্রযুক্তিগত নকশা চুরির অভিযোগে নিজেদের দুই সাবেক কর্মী এবং চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ওপেনএআই যখন নিজস্ব এআই হার্ডওয়্যার তৈরির উদ্যোগ এগিয়ে নিচ্ছে, তখন এই মামলাকে দুই প্রতিষ্ঠানের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মোড় হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় অ্যাপল অভিযোগ করেছে, তাদের পণ্যের নকশা, উৎপাদন প্রক্রিয়া এবং সরবরাহ শৃঙ্খল–সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য অবৈধভাবে সংগ্রহ ও ব্যবহারের চেষ্টা করা হয়েছে।
তবে মামলার বিষয়ে ওপেনএআই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
মামলায় অ্যাপল তাদের দুই সাবেক কর্মী—সাবেক সিনিয়র সিস্টেমস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চ্যাং লিউ এবং আইফোন ও প্রোডাক্ট ডিজাইনের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইউ ট্যানের নাম উল্লেখ করেছে। এছাড়া ওপেনএআই ফাউন্ডেশন, ওপেনএআই গ্রুপ পিবিসি এবং আইও প্রোডাক্টসকেও বিবাদী করা হয়েছে।
অ্যাপলের অভিযোগ অনুযায়ী, চাকরি ছাড়ার সময় চ্যাং লিউ কোম্পানির দেওয়া একটি ল্যাপটপ ফেরত দেননি। এছাড়া তিনি একটি অথেনটিকেশন ত্রুটি ব্যবহার করে অ্যাপলের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করেন এবং হার্ডওয়্যার–সংক্রান্ত বিপুল পরিমাণ গোপন নথি ও ফাইল ডাউনলোড করেন।
প্রতিষ্ঠানটি আরও দাবি করেছে, বর্তমানে ওপেনএআইয়ের হার্ডওয়্যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইউ ট্যান অ্যাপলের গোপন তথ্য থেকে পরোক্ষভাবে সুবিধা নিচ্ছেন। অ্যাপলের ভাষ্য, প্রতিষ্ঠান ছাড়ার আগে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিজের ব্যক্তিগত ইমেইলে পাঠিয়ে রেখেছিলেন।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ওপেনএআইয়ে নিয়োগের সময় ইউ ট্যান অ্যাপলের সাবেক কর্মীদের উৎসাহিত করতেন, যেন তারা অ্যাপলের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করতে পারেন।
অ্যাপলের দাবি, বর্তমানে তাদের প্রায় ৪০০ সাবেক কর্মী ওপেনএআইয়ে কর্মরত রয়েছেন।
ওপেনএআই এখনও তাদের পরিকল্পিত হার্ডওয়্যার পণ্যের বিস্তারিত প্রকাশ করেনি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ডিভাইসটি মানুষের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যোগাযোগের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
মামলার বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। অ্যাপলের অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি এবং মামলার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: আল জাজিরা, এএমএ