সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
৫:২৭ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬

দেশে ফের বৃষ্টিবলয়ের শঙ্কা, দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির আশঙ্কা

দেশের ওপর আবারও একটি সক্রিয় মৌসুমি বৃষ্টিবলয় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী ১৬ জুলাই থেকে সপ্তাহজুড়ে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে চলমান বন্যা পরিস্থিতি আরও দীর্ঘায়িত ও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর […]

দেশে ফের বৃষ্টিবলয়ের শঙ্কা, দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির আশঙ্কা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

দেশের ওপর আবারও একটি সক্রিয় মৌসুমি বৃষ্টিবলয় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী ১৬ জুলাই থেকে সপ্তাহজুড়ে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে চলমান বন্যা পরিস্থিতি আরও দীর্ঘায়িত ও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় থাকলেও আগামী কয়েক দিনে আরও শক্তিশালী হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতির কারণে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে টানা কয়েক দিন দেশের উপকূলীয় এলাকাসহ বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিমের পূর্বাভাসেও বলা হয়েছে, ১৭ থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। সপ্তাহের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকলেও পরে তা পুরোপুরি মেঘাচ্ছন্ন হতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগে সাময়িক মৃদু তাপপ্রবাহ থাকলেও দেশের অন্যান্য স্থানে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি সক্রিয় মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে এবং সপ্তাহের শেষ দিকে সতর্ক সংকেত জারির প্রয়োজন হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টির কারণে দেশের উজানে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি এবং উত্তরাঞ্চলে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, বৃষ্টিপাতের প্রবণতা পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ধীরে ধীরে দেশের মধ্য, উত্তর ও পশ্চিমাঞ্চলের দিকে সরে যাচ্ছে। তার মতে, আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও ১৬ জুলাই থেকে আবারও টানা কয়েক দিনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় সর্বোচ্চ ১৩৭ মিলিমিটার, বগুড়ায় ১০৮ মিলিমিটার, চট্টগ্রামে ৯৬ মিলিমিটার এবং ফরিদপুরে ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তিনি বলেন, চলতি বছরের বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি এবং জলবায়ুগত প্রভাবের কারণে স্বল্প সময়ে অতিবৃষ্টির প্রবণতা বাড়ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, বর্তমানে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, শেরপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও লালমনিরহাটেও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি বলেন, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে পরিস্থিতির উন্নতি হলেও দেশের মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে তিস্তা অববাহিকাতেও ভারী বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, সুনামগঞ্জের ছাতক ও মারকুলি, সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং নেত্রকোণার কলমাকান্দা এলাকায় কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বন্যার কারণে দেশের সাতটি জেলায় প্রায় ১০ লাখ ২৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ পর্যন্ত বন্যায় ৫১ জনের মৃত্যু এবং ৩৯ জন আহত হয়েছেন। বর্তমানে প্রায় ২ লাখ ৬৮ হাজার পরিবার পানিবন্দি রয়েছে। দুর্গত মানুষের জন্য এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় চিকিৎসাসেবা সচল রাখতে বিশেষ মেডিকেল টিম, পর্যাপ্ত ওষুধ, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত রাখা হয়েছে। সাপে কাটার চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনমও সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকায় সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ