সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০৩ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

সব দেশ ট্রাম্পের বশ্যতা মেনেছে, ব্যতিক্রম শুধু ইরান

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টানা সামরিক ও কূটনৈতিক চাপের মধ্যেও তেহরান এখনো অনড় অবস্থান ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমা বিশ্লেষকরা। তাদের মতে, বিশ্বের বহু দেশ যেখানে মার্কিন চাপের মুখে নতি স্বীকার করে, সেখানে ইরানই একমাত্র ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে টোল বা শুল্ক […]

সব দেশ ট্রাম্পের বশ্যতা মেনেছে, ব্যতিক্রম শুধু ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টানা সামরিক ও কূটনৈতিক চাপের মধ্যেও তেহরান এখনো অনড় অবস্থান ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমা বিশ্লেষকরা। তাদের মতে, বিশ্বের বহু দেশ যেখানে মার্কিন চাপের মুখে নতি স্বীকার করে, সেখানে ইরানই একমাত্র ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে টোল বা শুল্ক আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে আরব মিত্রদের তীব্র প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে কয়েক ঘণ্টার মধ্যেই সরে আসেন তিনি। বিশ্লেষকদের মতে, এ ঘটনাই দেখিয়ে দিয়েছে যে ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটনের কৌশল এখন বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার দীর্ঘ মাস পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত দ্রুত জয় এখনো আসেনি। বরং যুদ্ধটি দীর্ঘায়িত হয়ে এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেটিকে অনেকেই হোয়াইট হাউসের জন্য কূটনৈতিক ও সামরিক ব্যর্থতার উদাহরণ হিসেবে দেখছেন। প্রথমে যে অভিযানকে স্বল্পমেয়াদি ও দ্রুত সফল হওয়ার কথা বলা হয়েছিল, তা এখন জটিল আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক ওয়ালি নাসর বলেন, ট্রাম্প এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন, যারা তার চাপের কৌশলে কাজ করতে রাজি নয়। তার ভাষায়, ট্রাম্প সাধারণত এমন পরিস্থিতি পছন্দ করেন, যেখানে অন্য পক্ষ আগে নতি স্বীকার করে, এরপর তিনি ছাড় দেন। কিন্তু ইরান সে ধরনের আচরণ করছে না।

ব্রুকিংস ইনস্টিটিউশনের ফরেইন পলিসি বিভাগের পরিচালক সুজান ম্যালোনি বলেন, ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক কূটনীতি অনেকটাই প্রতিপক্ষের পিছু হটার ওপর নির্ভরশীল ছিল। তবে ইরান দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে জানে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষিতে সহজে মাথা নোয়ানো যায় না।

অন্যদিকে সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন হ্যানাহ মনে করেন, ইরানের শাসনব্যবস্থাকে এক ধাক্কায় ভেঙে ফেলার ধারণা ছিল বড় ভুল। তার মতে, ট্রাম্প ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোর গভীরতা বুঝতে ব্যর্থ হয়েছেন এবং মার্কিন সামরিক শক্তির ওপর অতিরিক্ত আস্থা রেখেছেন।

হ্যানাহ বলেন, প্রেসিডেন্টের চারপাশে এমন কোনো শক্তিশালী নিরাপত্তা কাঠামো ছিল না, যারা প্রয়োজনের সময় স্পষ্টভাবে ভিন্নমত দিতে পারত। ফলে সিদ্ধান্ত গ্রহণে ভুল ধারণা এবং আত্মবিশ্বাসের আধিক্য তৈরি হয়েছে।

এদিকে সম্প্রতি ঘোষিত ৬০ দিনের যুদ্ধবিরতির মতো অন্তর্বর্তী সমঝোতাও দীর্ঘস্থায়ী সমাধানে রূপ নিতে পারেনি। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ট্রাম্প এখন আবার সামরিক পথেই ফেরার ইঙ্গিত দিচ্ছেন।

তিনি হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জোরদারের কথা বলেছেন এবং ইরানের একটি সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার হুমকিও দিয়েছেন। তবে অভ্যন্তরীণ জনমত এবং যুদ্ধবিরোধী অবস্থানের কারণে তার প্রশাসন এখন আগের মতো সরাসরি সামরিক পদক্ষেপ নিতে সতর্ক।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর সিনিয়র ফেলো অ্যারন ডেভিড মিলারের মতে, ট্রাম্প এখন এমন এক কৌশলগত ফাঁদে পড়েছেন, যেখানে ইরান হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের ভূরাজনৈতিক গুরুত্বকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে রেখেছে।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইরানিয়ান স্টাডিজের পরিচালক আব্বাস মিলানি বলেন, ইরানকে নিয়ে ট্রাম্পের কোনো সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি কৌশল নেই। তার মতে, ট্রাম্প প্রতিক্রিয়াশীল সিদ্ধান্তে পরিচালিত হচ্ছেন, যা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক।

মিলানির ভাষায়, ইরান এমন একটি রাষ্ট্র, যাকে সাধারণ দেশগুলোর সঙ্গে তুলনা করা যায় না। তারা পরিস্থিতি অনুযায়ী অপ্রত্যাশিত কৌশল নিতে পারে এবং নিজেদের ক্ষমতা ধরে রাখতে যেকোনো সীমায় যেতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চাপ এখন এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে শুধু সামরিক শক্তি বা কূটনৈতিক হুমকি দিয়ে ফল পাওয়া যাচ্ছে না। বরং এই সংঘাত মার্কিন নীতি-নির্ধারকদের জন্য নতুন করে কৌশলগত প্রশ্ন তৈরি করেছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ