ভারতের কর্ণাটকের ধারওয়াদ শহরে এক চিকিৎসকের রহস্যজনক হত্যাকাণ্ডকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি ফ্ল্যাট থেকে অ্যানেসথেটিস্ট চিকিৎসক ড. কিরণ হোনান্নাভারের রক্তাক্ত মরদেহ উদ্ধারের সময় পুলিশ দেখতে পায়, পাশেই গুরুতর আহত অবস্থায় পড়ে আছে তাদের আট বছর বয়সী ছেলে। আর একই কক্ষে বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন নিহতের স্ত্রী ড. প্রিয়ঙ্কা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা […]
ছবি: সংগৃহীত
ভারতের কর্ণাটকের ধারওয়াদ শহরে এক চিকিৎসকের রহস্যজনক হত্যাকাণ্ডকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি ফ্ল্যাট থেকে অ্যানেসথেটিস্ট চিকিৎসক ড. কিরণ হোনান্নাভারের রক্তাক্ত মরদেহ উদ্ধারের সময় পুলিশ দেখতে পায়, পাশেই গুরুতর আহত অবস্থায় পড়ে আছে তাদের আট বছর বয়সী ছেলে। আর একই কক্ষে বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন নিহতের স্ত্রী ড. প্রিয়ঙ্কা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ধারওয়াদের কর্ণাটক ইউনিভার্সিটি রোড এলাকার ‘রাঙ্কা স্টেলো’ আবাসিক ভবনে বসবাস করতেন এই চিকিৎসক দম্পতি।
গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ড. কিরণের সঙ্গে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় স্ত্রী প্রিয়ঙ্কা স্বজনদের বিভিন্ন ধরনের অস্পষ্ট ও পরস্পরবিরোধী তথ্য দেন বলে অভিযোগ রয়েছে। এতে সন্দেহ তৈরি হলে বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ফ্ল্যাটে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
ভেতরে ঢুকে তারা ড. কিরণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল তাদের শিশুপুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠায়।
ধারওয়াদ পুলিশের কমিশনার এন. শশিকুমার জানান, নিহত চিকিৎসকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলের বিভিন্ন জায়গায় রক্ত ছড়িয়ে ছিল। শিশুটির শরীরেও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি অটিজমে আক্রান্ত।
পুলিশের দাবি, ঘটনার সময় ফ্ল্যাটের ভেতরে কেবল স্বামী, স্ত্রী ও তাদের সন্তানই ছিলেন। এখন পর্যন্ত বাইরে থেকে কেউ প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে ড. প্রিয়ঙ্কার আচরণ তাদের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন এবং তার আচরণ ছিল অস্বাভাবিক ও অসংলগ্ন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন নাকি অন্য কোনো কারণে এমন আচরণ করছিলেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ড. প্রিয়ঙ্কাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। আহত শিশুর শারীরিক অবস্থার উন্নতি হলে তার কাছ থেকেও তথ্য নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।