সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৫:৩৩ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬

বিশ্বজুড়ে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে: পিউর জরিপ

বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক মনোভাব বাড়ছে বলে নতুন এক বৈশ্বিক জরিপে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, ২০০২ সালে জরিপ শুরু হওয়ার পর এবারই প্রথম এত বেশি দেশে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীনের প্রতি জনসমর্থন বেশি দেখা গেছে। বুধবার (১৫ জুলাই) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি […]

বিশ্বজুড়ে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে: পিউর জরিপ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক মনোভাব বাড়ছে বলে নতুন এক বৈশ্বিক জরিপে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, ২০০২ সালে জরিপ শুরু হওয়ার পর এবারই প্রথম এত বেশি দেশে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীনের প্রতি জনসমর্থন বেশি দেখা গেছে।

বুধবার (১৫ জুলাই) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে বিশ্বের ৩৬টি দেশের ৪২ হাজারের বেশি মানুষের মতামতের ভিত্তিতে এই জরিপ পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের কাছে চীন ও যুক্তরাষ্ট্র সম্পর্কে তাদের ইতিবাচক বা নেতিবাচক ধারণা জানতে চাওয়া হয়।

জরিপের ফল বলছে, ৩৬টি দেশের মধ্যে ২৫টিতেই চীনের প্রতি ইতিবাচক মনোভাব যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। বিশেষ করে স্পেন, ইতালি, গ্রিস, কানাডা ও ইন্দোনেশিয়ায় চীনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তবে কয়েকটি দেশে এখনো যুক্তরাষ্ট্রই বেশি জনপ্রিয়। পোল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান ও ইসরায়েল—এই ছয় দেশে যুক্তরাষ্ট্রের প্রতি জনসমর্থন তুলনামূলকভাবে বেশি পাওয়া গেছে।

পিউ রিসার্চ সেন্টারের গবেষক জোনাথন শুলম্যান বলেন, অতীতেও যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তায় ওঠানামা দেখা গেছে। তবে আগে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা কমলেও চীন সাধারণত কাছাকাছি বা কিছুটা নিচে থাকত। এবার প্রথমবারের মতো চীনের পক্ষে এত বড় ব্যবধানে জনমত তৈরি হয়েছে।

জরিপে আরও দেখা গেছে, ইতালি, স্পেন, মেক্সিকো, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া ও তুরস্কে চীনের প্রতি ইতিবাচক মনোভাব রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গবেষকদের মতে, মধ্যম আয়ের দেশগুলোতে চীনের প্রতি ইতিবাচক মনোভাব বেশি হলেও উচ্চ আয়ের দেশগুলোতে তুলনামূলকভাবে নেতিবাচক মনোভাবই বেশি দেখা গেছে। তবে উচ্চ আয়ের দেশ হওয়া সত্ত্বেও সিঙ্গাপুর এতে ব্যতিক্রম।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও যুক্তরাষ্ট্র নিয়ে মতামতের পার্থক্য সবচেয়ে বেশি। পাকিস্তানে প্রায় ৯০ শতাংশ উত্তরদাতা চীনের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, আর জাপানে এ হার মাত্র ১১ শতাংশ।

বিশ্বনেতাদের প্রতি আস্থার বিষয়েও জরিপে মানুষের মতামত নেওয়া হয়। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—দুজনের প্রতিই আস্থার মাত্রা তুলনামূলকভাবে কম হলেও বেশিরভাগ দেশে শি জিনপিং ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন।

শি জিনপিংয়ের প্রতি সর্বোচ্চ ৮৩ শতাংশ আস্থা প্রকাশ করেছেন পাকিস্তানের উত্তরদাতারা। বিপরীতে জাপানে এ হার মাত্র ৭ শতাংশ। ট্রাম্পের প্রতি সর্বোচ্চ ৬৮ শতাংশ আস্থা দেখা গেছে ফিলিপাইনে, আর সর্বনিম্ন ৪ শতাংশ পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে।

জরিপে আরও উঠে এসেছে, ব্যক্তিগত স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্রের সরকার চীনের তুলনায় এখনো বেশি সম্মান দেখায়—এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। তবে আগের তুলনায় এই ব্যবধান কমেছে। একই সঙ্গে মধ্যম আয়ের দেশগুলোর ৭৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্র অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করে। চীনের ক্ষেত্রে একই মত দিয়েছেন ৪৫ শতাংশ উত্তরদাতা।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির অনিশ্চয়তা, সামরিক হস্তক্ষেপ এবং অর্থনৈতিক চাপের কারণে অনেক দেশ বিকল্প শক্তি হিসেবে চীনের দিকে ঝুঁকছে। তবে শি জিনপিংয়ের নেতৃত্ব, মানবাধিকার পরিস্থিতি এবং সংখ্যালঘুদের প্রতি চীনের আচরণ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগও রয়ে গেছে। ফলে চীনের প্রতি ইতিবাচক মনোভাব বাড়লেও দেশটির নেতৃত্বের প্রতি আস্থা এখনো সীমিত।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ