ইরানে সামরিক হামলার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে পাওয়া তথ্য ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল—এমন দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর অভিযোগ, গোয়েন্দা তথ্য, এআই প্রযুক্তি ও বিভিন্ন নেটওয়ার্কের সহায়তায় ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেশটিতে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করা হয়েছিল। সোমবার (১০ আগস্ট) তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব […]
প্রতীকী ছবি
ইরানে সামরিক হামলার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে পাওয়া তথ্য ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল—এমন দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর অভিযোগ, গোয়েন্দা তথ্য, এআই প্রযুক্তি ও বিভিন্ন নেটওয়ার্কের সহায়তায় ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেশটিতে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করা হয়েছিল।
সোমবার (১০ আগস্ট) তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
পেজেশকিয়ান বলেন, হামলাকারীরা শুধু সামরিক সক্ষমতার ওপর নির্ভর করেনি; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে পাওয়া তথ্য, গুপ্তচর নেটওয়ার্ক, ভাড়াটে লোকজন এবং দেশের অভ্যন্তরে থাকা সহযোগীদের ব্যবহার করে ইরানকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে।
ইরানের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, এসব তথ্যের ভিত্তিতে আক্রমণকারীরা যে পরিকল্পনা ও হিসাব তৈরি করেছিল, তার সবগুলোই শেষ পর্যন্ত সফল হয়নি।
পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্য ছিল ইরানে নিরাপত্তাহীনতা বাড়ানো এবং দেশটিকে ধীরে ধীরে দুর্ভিক্ষ, লুটপাট ও সামাজিক বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া।
তিনি বলেন, আক্রমণকারীরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে ইরানের বিরুদ্ধে তাদের কৌশল নির্ধারণ করেছিল। তবে ইরানের প্রতিরোধের কারণে তাদের সেই হিসাব-নিকাশ একে একে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে পেজেশকিয়ানের এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা