ভারতের উত্তরপ্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প শুরু করেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকার। কৃষকদের অতিরিক্ত আয়, গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুর দেখভালে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বুলন্দশহর জেলার সায়ানা তহসিলের নারসাইনা গ্রামে একটি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের (এফপিও) মাধ্যমে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। জেলার ১৫টি […]
ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প শুরু করেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকার। কৃষকদের অতিরিক্ত আয়, গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুর দেখভালে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বুলন্দশহর জেলার সায়ানা তহসিলের নারসাইনা গ্রামে একটি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের (এফপিও) মাধ্যমে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। জেলার ১৫টি গ্রামের মানুষ এতে অংশ নিচ্ছেন।
প্রকল্পের আওতায় বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য ২০ রুপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সংগৃহীত গোমূত্র সংরক্ষণের জন্য বিভিন্ন গ্রামে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংকও স্থাপন করা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। রাসায়নিক কৃষি উপকরণের বিকল্প হিসেবে এর সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। পরীক্ষামূলক প্রকল্পটি সফল হলে আনুষ্ঠানিক নীতিমালা তৈরি করে পুরো উত্তরপ্রদেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ উদ্যোগে গ্রামীণ নারীদেরও যুক্ত করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে। এতে তাদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হয়েছে। প্রায় ৩০০ নারীকে নিয়ে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে এবং তাদের প্রকল্পের অংশীদার বা শেয়ারহোল্ডার করা হয়েছে।
তবে সরকারের এই উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি)। দলটি প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বিজেপি এ উদ্যোগ নিয়েছে।
এসপি মুখপাত্র মোহাম্মদ আজম খান দাবি করেন, উত্তরপ্রদেশের গোশালা ও সেখানে থাকা গরুগুলোর নিরাপত্তাই যেখানে নিশ্চিত নয়, সেখানে এই প্রকল্প রাজ্যের উন্নয়নে কোনো ভূমিকা রাখবে না।
বিরোধীদের অভিযোগের জবাবে বিজেপি মুখপাত্র হিরো বাজপাই বলেন, সমাজবাদী পার্টি প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পের মধ্যেই ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে।
তিনি দাবি করেন, বিরোধী দল যে সম্প্রদায়ের—বিশেষ করে যাদবদের—রাজনীতির কথা বলে, সরকারের এই উদ্যোগে সেই অংশের মানুষেরই উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তারা প্রকল্পটি নিয়ে সন্তুষ্ট নয়।
পাইলট প্রকল্পের ফলাফল পর্যালোচনার পর উত্তরপ্রদেশের অন্যান্য জেলাতেও এটি চালু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি