নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্রডওয়ের নাটক দেখার সুযোগ তৈরি করেছে মেয়র জোহরান মমদানি প্রশাসন। এই কর্মসূচির আওতায় ২ হাজার ১০০ শিক্ষার্থী জনপ্রিয় সাতটি ব্রডওয়ে প্রদর্শনীর যেকোনো একটির জন্য দুটি করে বিনামূল্যের টিকিট পাওয়ার সুযোগ পাবে। বৃহস্পতিবার থেকে টিকিট পেতে লটারিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলতি শরতে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়বে—নিউইয়র্ক সিটির এমন স্থানীয় […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্রডওয়ের নাটক দেখার সুযোগ তৈরি করেছে মেয়র জোহরান মমদানি প্রশাসন। এই কর্মসূচির আওতায় ২ হাজার ১০০ শিক্ষার্থী জনপ্রিয় সাতটি ব্রডওয়ে প্রদর্শনীর যেকোনো একটির জন্য দুটি করে বিনামূল্যের টিকিট পাওয়ার সুযোগ পাবে।
বৃহস্পতিবার থেকে টিকিট পেতে লটারিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলতি শরতে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়বে—নিউইয়র্ক সিটির এমন স্থানীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এই লটারিতে অংশ নিতে পারবে। আবেদন করার সুযোগ থাকবে সোমবার পর্যন্ত।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত সাতটি ব্রডওয়ে প্রদর্শনীর যেকোনো একটির জন্য দুটি বিনামূল্যের টিকিট পাবে। কর্মসূচির তালিকায় রয়েছে ‘ইন দ্য হাইটস’, ‘বুয়েনা ভিস্তা সোশ্যাল ক্লাব’, ‘দ্য গ্রেট গ্যাটসবি’, ‘স্ট্রেঞ্জার থিংস: দ্য ফার্স্ট শ্যাডো’, ‘দ্য লস্ট বয়েজ’, ‘টু স্ট্রেঞ্জার্স’ এবং ‘স্কুল গার্লস; অর, দ্য আফ্রিকান মিন গার্লস প্লে’।
মেয়র মমদানি বলেন, গ্রীষ্মজুড়ে বড় বড় ক্রীড়া আয়োজনের টিকিট দেওয়ার জন্য নগর কর্তৃপক্ষ যেভাবে লটারির আয়োজন করেছে, নতুন এই কর্মসূচি তারই ধারাবাহিকতা। থিয়েটারপ্রেমী শিক্ষার্থীদের জন্যও একই ধরনের সুযোগ তৈরি করাই এর উদ্দেশ্য বলে জানান তিনি।
তবে শুধু লটারিতে বিজয়ীরাই এই উদ্যোগের সুবিধা পাবে না। যারা লটারিতে আবেদন করবে, তাদের প্রত্যেককে দুই মাসের জন্য বিনামূল্যে থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ডের সদস্যপদ দেওয়া হবে। এর মাধ্যমে ব্রডওয়ের বিভিন্ন প্রদর্শনীর টিকিটে ছাড় পাওয়ার পাশাপাশি কার্নেগি হলসহ আরও কয়েকটি সাংস্কৃতিক স্থানে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাওয়া যাবে।
নগর কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে নিউইয়র্কের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শহরের সাংস্কৃতিক ও মঞ্চশিল্পের জগতে সরাসরি অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যেসব শিক্ষার্থীর পরিবারের পক্ষে ব্রডওয়ের টিকিটের ব্যয় বহন করা কঠিন, তাদের জন্য এই লটারি সাংস্কৃতিক আয়োজনগুলো উপভোগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।