কোভিড-১৯ মহামারির সময় জনপ্রিয় হয়ে ওঠা ‘আউটডোর ডাইনিং’ বা খোলা জায়গায় বসে খাবারের ব্যবস্থা নিউইয়র্ক সিটিতে বছরজুড়ে চালুর সুযোগ তৈরি হতে যাচ্ছে। রেস্তোরাঁগুলোকে শীতের সময়ও এই সুবিধা চালু রাখার সুযোগ দিতে নিউইয়র্ক সিটি কাউন্সিলে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিলটি নিয়ে সিটি কাউন্সিলে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। কাউন্সিল মেম্বার লিংকন রেস্টলার প্রস্তাবিত বিলটি […]
ছবি: সংগৃহীত
কোভিড-১৯ মহামারির সময় জনপ্রিয় হয়ে ওঠা ‘আউটডোর ডাইনিং’ বা খোলা জায়গায় বসে খাবারের ব্যবস্থা নিউইয়র্ক সিটিতে বছরজুড়ে চালুর সুযোগ তৈরি হতে যাচ্ছে। রেস্তোরাঁগুলোকে শীতের সময়ও এই সুবিধা চালু রাখার সুযোগ দিতে নিউইয়র্ক সিটি কাউন্সিলে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিলটি নিয়ে সিটি কাউন্সিলে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। কাউন্সিল মেম্বার লিংকন রেস্টলার প্রস্তাবিত বিলটি পাস হলে রেস্তোরাঁগুলোকে শীতের মৌসুমে তাদের আউটডোর ডাইনিং কাঠামো খুলে ফেলতে হবে না। বরং শীতের উপযোগী করে কাঠামো তৈরি করে বছরজুড়ে ব্যবসা পরিচালনা করতে পারবে তারা।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, রেস্তোরাঁর সামনের কার্ব বা পার্কিং লেনে পরিচালিত রোডওয়ে ক্যাফেগুলো ৩০ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত শীতকালেও আচ্ছাদিত অবস্থায় চালু রাখা যাবে। তবে সেখানে ব্যবহৃত টেবিল, চেয়ার ও অন্যান্য সরঞ্জাম সহজে সরানো যায়—এমন ব্যবস্থা থাকতে হবে।
সারা বছর আউটডোর ডাইনিং চালু রাখতে আগ্রহী রেস্তোরাঁগুলোকে সাধারণ মৌসুমী রোডওয়ে ক্যাফের অনুমতির পাশাপাশি আলাদা লাইসেন্স নিতে হবে। এর জন্য নির্ধারিত পৃথক ফিও দিতে হবে।
মহামারির সময় রেস্তোরাঁগুলোর জন্য আউটডোর ডাইনিং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অভ্যন্তরীণ খাবারের ব্যবস্থা সীমিত থাকায় অনেক ব্যবসা এই সুবিধার মাধ্যমে কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময়ে শহরের অর্থনৈতিক পুনরুদ্ধারেও এটি ভূমিকা রাখে।
তবে সময়ের সঙ্গে এই ব্যবস্থাকে ঘিরে নানা অভিযোগও ওঠে। কাঠামোর রক্ষণাবেক্ষণ, যান চলাচলে সমস্যা এবং ইঁদুরের উপদ্রবসহ বিভিন্ন অভিযোগের পর ২০২৩ সালে সিটি কাউন্সিল আউটডোর ডাইনিং ব্যবস্থায় নতুন বিধিনিষেধ আরোপ করে।
এরপর থেকে রোডওয়ে ক্যাফেগুলো সাধারণত ১ এপ্রিল থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পরিচালনার অনুমতি পেয়ে আসছিল। প্রতি বছর কাঠামো তৈরি এবং মৌসুম শেষে তা খুলে ফেলার অতিরিক্ত খরচ নিয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষও বাড়তে থাকে।
বিশেষ করে ছোট রেস্তোরাঁগুলোর মালিকেরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, প্রতিবছর কাঠামো স্থাপন ও অপসারণের খরচ এবং প্রশাসনিক জটিলতার কারণে অনেক ব্যবসা আউটডোর ডাইনিংয়ের সুবিধা নিতে পারছে না।
নতুন বিলটি পাস হলে সেই সমস্যার একটি বড় অংশ দূর হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে বছরজুড়ে আউটডোর ডাইনিং চালুর ক্ষেত্রে ব্যবসাগুলোকে নতুন লাইসেন্স ও নির্ধারিত শর্ত মেনে চলতে হবে।
সিটি কাউন্সিলে বিলটি চূড়ান্তভাবে পাস হয়ে আইনে পরিণত হলে ১২০ দিন পর বছরব্যাপী আউটডোর ডাইনিং ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে শীতের সময়ও নিউইয়র্কের রেস্তোরাঁগুলোর বাইরে বসে খাবারের সুযোগ বজায় থাকবে এবং ব্যবসায়ীদের প্রতি বছর কাঠামো খুলে ফেলার ঝামেলাও কমবে।