নিউইয়র্কের ব্রঙ্কসে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ডেকাল্ব অ্যাভিনিউয়ের একটি ভবনে আগুন লাগে। ঘটনাস্থলে গিয়ে দমকলকর্মীরা দেখতে পান, ফায়ার হাইড্র্যান্টের সামনে দুটি গাড়ি পার্ক করে রাখায় পানি সরবরাহে বিলম্ব হচ্ছে। ফায়ার বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ৩৪৩৫ ডেকাল্ব অ্যাভিনিউয়ের ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা সেখানে পৌঁছান। এ সময় […]
নিউইয়র্কের ব্রঙ্কসে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ডেকাল্ব অ্যাভিনিউয়ের একটি ভবনে আগুন লাগে। ঘটনাস্থলে গিয়ে দমকলকর্মীরা দেখতে পান, ফায়ার হাইড্র্যান্টের সামনে দুটি গাড়ি পার্ক করে রাখায় পানি সরবরাহে বিলম্ব হচ্ছে।
ফায়ার বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ৩৪৩৫ ডেকাল্ব অ্যাভিনিউয়ের ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা সেখানে পৌঁছান। এ সময় ভবনের ষষ্ঠ তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।
আগুন ছাদের নিচের ফাঁকা অংশেও ছড়িয়ে পড়ে। ছাদ ও সিলিংয়ের মধ্যবর্তী এই অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেগ পেতে হয়।
এর মধ্যে ভবনের সামনে থাকা দুটি ফায়ার হাইড্র্যান্টের ওপর গাড়ি পার্ক করা থাকায় সেখান থেকে পানি নেওয়ার কাজেও দেরি হয়। এ কারণে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম আরও কঠিন হয়ে পড়ে।
ফায়ার বিভাগের উপপ্রধান পল মিলার বলেন, হাইড্র্যান্টের সামনে কোনোভাবেই গাড়ি পার্ক করা উচিত নয়। এতে দমকলকর্মীদের কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি ভবনের বাসিন্দাদের জীবনও ঝুঁকিতে পড়ে। আগুন নেভানোর কাজে যেকোনো ধরনের বিলম্ব বিপজ্জনক বলেও উল্লেখ করেন তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, হাইড্র্যান্টের সামনে রাখা দুটি গাড়ি সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি গাড়ির মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিকাণ্ডে দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের গুরুতর নয় এমন আঘাতের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় দুই দমকলকর্মীও সামান্য আহত হন। তাদেরও হাসপাতালে নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে ফায়ার মার্শালরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।