নিউইয়র্ক সিটিতে জরুরি সেবা নম্বর ৯১১-এ প্রায় সাত ঘণ্টা ধরে বিভ্রাটের ঘটনায় কয়েকশ মানুষ জরুরি সহায়তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত এই সমস্যায় শহরের বিপুলসংখ্যক জরুরি কল কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয় বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৩টা ১৩ মিনিটে বিভ্রাট শুরু হয় এবং সকাল ১০টা ১৯ […]
নিউইয়র্ক সিটিতে জরুরি সেবা নম্বর ৯১১-এ প্রায় সাত ঘণ্টা ধরে বিভ্রাটের ঘটনায় কয়েকশ মানুষ জরুরি সহায়তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত এই সমস্যায় শহরের বিপুলসংখ্যক জরুরি কল কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয় বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৩টা ১৩ মিনিটে বিভ্রাট শুরু হয় এবং সকাল ১০টা ১৯ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই সময়ে ব্রঙ্কসের পাবলিক সেফটি অ্যানসারিং সেন্টার-২-এর একটি যোগাযোগ রাউটারের মাধ্যমে যাওয়া কিছু কলে সমস্যা দেখা দেয়। ফলে অনেক ক্ষেত্রে কলার ও ৯১১ অপারেটর একে অপরের কথা শুনতে পারছিলেন না।
বিভ্রাট চলাকালে নিউইয়র্ক সিটিতে মোট ৫ হাজার ৬৫৯টি ৯১১ কল করা হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৭০০টি কল কোনো না কোনোভাবে প্রযুক্তিগত সমস্যার কারণে প্রভাবিত হয়েছে।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালার্ম সিস্টেম থেকে আসা কল এবং একই ব্যক্তির একাধিক কল বাদ দিলে প্রায় ৪০০ নিউইয়র্কবাসী ৯১১ অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে থাকতে পারেন।
ঘটনার পর বিভ্রাটের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কলারদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।
নগর প্রশাসনের এক মুখপাত্র জানান, রাতভর জরুরি যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন অংশ পরীক্ষা করা হয়েছে। কল কীভাবে নির্ধারিত কেন্দ্রে পৌঁছাচ্ছে, যোগাযোগের রুট এবং কলের পরিমাণও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়েছে।
বর্তমানে ৯১১ সেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। ভবিষ্যতে একই ধরনের প্রযুক্তিগত বিভ্রাট যাতে আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট প্রযুক্তি সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।