জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানকে কেন্দ্র করে নিউইয়র্কে দুই সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর নিউইয়র্ক অবস্থানের পুরো সময়জুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ, নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগরের উত্তর ও […]
ছবি: সংগৃহীত
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানকে কেন্দ্র করে নিউইয়র্কে দুই সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর নিউইয়র্ক অবস্থানের পুরো সময়জুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ, নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগরের উত্তর ও দক্ষিণ শাখা এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং সংগঠনের নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর আমেরিকা সমন্বয়ক আনোয়ার হোসেনের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছাবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে আরও কয়েকটি কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক অবস্থানের সময় স্বাগত কর্মসূচি, জনসংযোগ এবং শান্তি সমাবেশসহ বিভিন্ন আয়োজন করবে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। এর অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে বড় পরিসরে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।
সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে নিউইয়র্ক স্টেট এবং নিউইয়র্ক মহানগরের বিভিন্ন এলাকায় জনসংযোগ চালানো হবে। এ জন্য নেতাকর্মীদের মধ্যে এলাকাভিত্তিক দায়িত্বও বণ্টন করা হয়েছে বলে সভায় জানানো হয়।
দলীয় সূত্রের বরাতে আরও জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে গত ২৩ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে মোট ১১টি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সফরকেন্দ্রিক কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের পর ২৫ সেপ্টেম্বর নাগরিক সংবর্ধনা দেওয়ার পরিকল্পনার কথাও বিভিন্ন দলীয় সূত্র জানিয়েছে। পরে তাঁর ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে। তবে সফরের সব কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩০ আগস্ট উত্তর আমেরিকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।
দলটির নেতারা আশা করছেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। একই সঙ্গে জাতিসংঘ অধিবেশনে তাঁর অংশগ্রহণ এবং সফরকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতিও জোরদার করা হচ্ছে।