চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে তীব্র দাবদাহ, খরা, দাবানল ও পানির সংকট আরও বাড়তে পারে। এর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে বিপুল প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক বছরের তুলনায় চলতি এল নিনোর পুরো সময়জুড়ে অতিরিক্ত প্রায় ৪ […]
ছবি: সংগৃহীত
চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে তীব্র দাবদাহ, খরা, দাবানল ও পানির সংকট আরও বাড়তে পারে। এর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে বিপুল প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক বছরের তুলনায় চলতি এল নিনোর পুরো সময়জুড়ে অতিরিক্ত প্রায় ৪ লাখ ৫১ হাজার মানুষের তাপজনিত মৃত্যু হতে পারে।
গবেষণাটি অনুযায়ী, এল নিনো চলাকালে বাড়তি তাপমাত্রার কারণে মৃত্যুর পাশাপাশি খরা, দাবানল ও বন্যার মতো চরম আবহাওয়ার ঝুঁকিও বাড়তে পারে। গবেষকদের আশঙ্কা, এর সবচেয়ে বড় প্রভাব পড়বে বিশ্বের দরিদ্র ও উষ্ণ অঞ্চলগুলোতে, বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোতে। এসব দেশের অনেক অঞ্চল এরই মধ্যে জলবায়ু পরিবর্তন, খাদ্যসংকট ও জ্বালানির উচ্চমূল্যের চাপে রয়েছে।
ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় ২৪ হাজারের বেশি অঞ্চলের স্থানীয় তাপমাত্রা এবং তাপমাত্রার সঙ্গে মৃত্যুহারের সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। গবেষকেরা ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্বাভাবিক বছরের তাপমাত্রা ও মৃত্যুহারের তথ্যের সঙ্গে চলতি এল নিনোর সময়ে সম্ভাব্য তাপমাত্রা ও মৃত্যুর হার তুলনা করেছেন। সেই বিশ্লেষণের ভিত্তিতেই অতিরিক্ত মৃত্যুর এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
গবেষকদের হিসাবে, এল নিনোর প্রভাবে বিশ্বের স্থলভাগের তাপমাত্রা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এর ফলে অত্যন্ত গরম দিনের সংখ্যা প্রায় ৪৪ শতাংশ বাড়ার আশঙ্কা রয়েছে। চলতি এল নিনো জুন ২০২৬ সালে শুরু হয়েছে এবং বর্তমান পূর্বাভাস অনুযায়ী এর তাপমাত্রাজনিত প্রভাব ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত হিসাব করা হয়েছে।
গবেষণায় আফ্রিকার সাহেল অঞ্চলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী ছয় মাসের হিসাবে সাহেল অঞ্চলে অতিরিক্ত প্রায় ৬৬ হাজার ৮০০ মানুষের তাপজনিত মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। এর মধ্যে নাইজেরিয়াতেই প্রায় ৩১ হাজার ৪০০ অতিরিক্ত মৃত্যুর পূর্বাভাস রয়েছে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলও উচ্চ ঝুঁকিতে রয়েছে। ইন্দোনেশিয়ায় প্রায় ১৯ হাজার ৩০০, ভারতে ১৫ হাজার ৮০০ এবং ব্রাজিলে প্রায় ১৩ হাজার ৩০০ অতিরিক্ত তাপজনিত মৃত্যুর পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সম্মিলিতভাবে প্রায় ১৯ হাজার ৪০০ অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা রয়েছে।
গবেষকদের মতে, উষ্ণ ও দরিদ্র অঞ্চলের মানুষের জন্য অতিরিক্ত কয়েক ডিগ্রি তাপমাত্রা অনেক বেশি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ধনী দেশগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নির্ভরযোগ্য পানি সরবরাহ ও উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ তুলনামূলক বেশি থাকায় সেখানে একই মাত্রার তাপমাত্রার প্রভাব কিছুটা কম হতে পারে।
এল নিনো প্রশান্ত মহাসাগরের একটি প্রাকৃতিক জলবায়ু চক্র। সাধারণত এটি দুই থেকে সাত বছর পরপর দেখা যায় এবং বৈশ্বিক আবহাওয়া ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে। প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানি ও বায়ুমণ্ডলের পারস্পরিক প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা, বৃষ্টিপাত ও ঝড়ের ধরনে পরিবর্তন আসে।
বর্তমান এল নিনোর প্রভাব ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত হিসাব করা হলেও গবেষকেরা সতর্ক করেছেন, তাপমাত্রাজনিত ঝুঁকি এরপরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। বিশেষ করে যেসব অঞ্চলে আগে থেকেই উচ্চ তাপমাত্রা বিরাজ করছে, সেখানে এর প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
এল নিনো নিজে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফল নয়। এটি একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা। তবে ইতিমধ্যে বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় শক্তিশালী এল নিনো চরম তাপমাত্রার ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষকেরা চলতি এল নিনোর তাপমাত্রাকে ভবিষ্যতের একটি ‘আগাম বার্তা’ হিসেবে দেখছেন। তাঁদের মতে, জলবায়ু পরিবর্তন অব্যাহত থাকলে আজকের মতো চরম তাপমাত্রা আগামী প্রায় ২০ বছরের মধ্যে অনেক অঞ্চলে স্বাভাবিক পরিস্থিতির অংশ হয়ে উঠতে পারে।
গবেষকেরা বলছেন, সম্ভাব্য প্রাণহানি কমাতে এখনই বিভিন্ন দেশে জরুরি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে দাবদাহের আগাম সতর্কবার্তা ব্যবস্থা জোরদার করা, মানুষের জন্য শীতল আশ্রয়কেন্দ্র স্থাপন, নিরাপদ পানির ব্যবস্থা করা, অতিরিক্ত গরমে বাইরে কাজ করা শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হাসপাতালের সক্ষমতা বাড়ানো।
এ ছাড়া বয়স্ক ব্যক্তি ও তাপমাত্রাজনিত ঝুঁকিতে থাকা মানুষদের বিশেষ নজরদারির আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভাব্য তীব্র তাপপ্রবাহের আগেই প্রয়োজনীয় অর্থ ও সম্পদ প্রস্তুত রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। তাঁদের মতে, সঠিক সময়ে সুনির্দিষ্ট এলাকায় এসব পদক্ষেপ নেওয়া গেলে বিপুলসংখ্যক মানুষের জীবন রক্ষা করা সম্ভব।
গবেষণার সহলেখক ও ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের সহপ্রতিষ্ঠাতা মাইকেল গ্রিনস্টোন বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে মৃত্যুর ঝুঁকি এখন আগের তুলনায় আরও নির্দিষ্টভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে। তাঁর মতে, কোথায় সবচেয়ে বেশি মানুষ ঝুঁকিতে রয়েছে তা জানা গেলে জরুরি পদক্ষেপও আরও কার্যকরভাবে নেওয়া সম্ভব।
তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, ৪ লাখ ৫১ হাজারের সংখ্যা একটি পূর্বাভাস, নিশ্চিত মৃত্যুর সংখ্যা নয়। এটি স্বাভাবিক বছরের তুলনায় এল নিনোর অতিরিক্ত তাপের সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য মৃত্যুর হিসাব। গবেষণাটি বর্তমানে প্রকাশিত গবেষণা ও তাপমাত্রা-মৃত্যুর সম্পর্কের ওপর ভিত্তি করে করা হয়েছে এবং এল নিনোর পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পূর্বাভাসও হালনাগাদ করা হবে।
সূত্র: এপি, দ্য গার্ডিয়ান, ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাব