সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫৯ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬

সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত পাকিস্তানের

পাকিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায় সহিংসতা বৃদ্ধির মধ্যে ইরানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম স্থগিত করেছে পাকিস্তান। বেলুচিস্তান প্রদেশের তাফতান ও গাবদ-রিমন সীমান্ত ক্রসিংয়ে বাণিজ্য বন্ধ থাকায় দুই পাশে অন্তত ২ হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বলে জানিয়েছে কোয়েটা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কিউসিসিআই)। তবে গাবদ-রিমন সীমান্ত দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা […]

সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত পাকিস্তানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

পাকিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায় সহিংসতা বৃদ্ধির মধ্যে ইরানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম স্থগিত করেছে পাকিস্তান। বেলুচিস্তান প্রদেশের তাফতান ও গাবদ-রিমন সীমান্ত ক্রসিংয়ে বাণিজ্য বন্ধ থাকায় দুই পাশে অন্তত ২ হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বলে জানিয়েছে কোয়েটা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কিউসিসিআই)। তবে গাবদ-রিমন সীমান্ত দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ওয়ানা।

সীমান্ত বন্ধের কারণ নিয়ে পাকিস্তান ও ইরান ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাফতান সীমান্ত যে চাগাই জেলায় অবস্থিত, সেখানকার ডেপুটি কমিশনার বখতিয়ার ইসমাইল জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং সীমান্ত ব্যবস্থাপনা উন্নত করার জন্য সাময়িকভাবে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা কার্যকর হলে ক্রসিংটি আবার খুলে দেওয়া হবে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা শাহিদ রিন্দও একই বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, নিরাপত্তাঝুঁকি দূর করা এবং চোরাচালান প্রতিরোধ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

সীমান্ত বন্ধের বিষয়ে ইরানের ব্যাখ্যা

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাসনিম ও আইআরএনএ বার্তা সংস্থাকে জানিয়েছেন, কারিগরি সমস্যা এবং কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সীমান্ত পারাপার ও বাণিজ্যিক বিনিময় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক জাওয়াদ হেইরান-নিয়ার মতে, এ ধরনের পরিভাষা সাধারণত শুল্ক প্রক্রিয়া, বাণিজ্যিক নথিপত্রের সত্যতা যাচাই কিংবা আর্থিক লেনদেনের জটিলতার মতো বিষয়কেও নির্দেশ করতে পারে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও আলোচনা

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি কৌশলগত বিবেচনাও পাকিস্তানের সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিল। তবে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও জোরদার করে এবং ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করে। এর পর গত আগস্টে পাকিস্তান সব প্রযোজ্য নিষেধাজ্ঞা মেনে চলার ইঙ্গিত দেয়।

তবে সীমান্তে বাণিজ্য স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে এসব নিষেধাজ্ঞার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

দুই পাশেই বেড়েছে সশস্ত্র হামলা

সীমান্ত বন্ধের পেছনে পাকিস্তান ও ইরানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতাকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলতি বছর নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়েছে। গত সেপ্টেম্বরে দেশজুড়ে ২২৫টি সশস্ত্র হামলার ঘটনা ঘটে, যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চাগাই জেলাতেও সম্প্রতি কাস্টমস কর্মকর্তাসহ চার যাত্রী অপহৃত হন।

সীমান্তের অপর পাশে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশেও সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। গত ৯ অক্টোবর জাহেদানের কাছে এক পুলিশ কর্মকর্তা এবং ১৪ অক্টোবর আধাসামরিক বাহিনী বাসিজের নারী ইউনিটের এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়।

সুন্নি সশস্ত্র গোষ্ঠী জৈশ আল-অদল একটি যৌথ জোট গঠন করে এসব হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তেহরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, গোষ্ঠীটি পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালায়। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্নের আশঙ্কা

রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ রেজা হাশেমি জেবিলির মতে, ইরান চায় পাকিস্তান তাদের সীমান্তে ইরানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করুক।

বিশ্লেষক জাওয়াদ হেইরান-নিয়ার মতে, সীমান্ত বন্ধের পরিস্থিতি দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার নিরপেক্ষতা নিয়ে তেহরানের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে।

সীমান্তে বাণিজ্য স্থগিত থাকায় পণ্যবাহী ট্রাক আটকে পড়ার পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। পরিস্থিতি কত দিন স্থায়ী হবে এবং সীমান্ত কবে পুরোপুরি খুলবে, সে বিষয়ে নিশ্চিত সময়সীমা জানানো হয়নি।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ