সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:৫০ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬

এফবিআইয়ের অভিযানের পর ওয়াশিংটনের বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের অভিযানের পর ওয়াশিংটন ডিসির বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। বাড়িতে তল্লাশির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি। এ কারণে বাসাটি ছেড়ে যাওয়ার কথা ভাবছেন এই ডেমোক্রেটিক আইনপ্রণেতা। বুধবার (২১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ইলহান ওমর। তাঁর বাড়িতে তল্লাশি চালানোর […]

এফবিআইয়ের অভিযানের পর ওয়াশিংটনের বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের অভিযানের পর ওয়াশিংটন ডিসির বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। বাড়িতে তল্লাশির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি। এ কারণে বাসাটি ছেড়ে যাওয়ার কথা ভাবছেন এই ডেমোক্রেটিক আইনপ্রণেতা।

বুধবার (২১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ইলহান ওমর। তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর এটিই ছিল তাঁর প্রথম সাক্ষাৎকার।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, ইলহান ওমরের পরিবারের অভিবাসনসংক্রান্ত নথিতে সম্ভাব্য জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ। তদন্তের অংশ হিসেবে তাঁর পরিবারের কয়েকজন সদস্যকে গ্র্যান্ড জুরি সাবপোনা পাঠানো হয়েছে। তদন্ত সম্পর্কে অবগত এক ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। চলমান তদন্ত নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করতে চাননি।

সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরে ইলহান ওমর বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমি কোনো অন্যায় করিনি।’

সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ওমর বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির একজন প্রগতিশীল রাজনীতিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত তিনি। অন্যদিকে, ট্রাম্পও বিভিন্ন সময়ে তাঁর রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা ও বিচারের দাবি জানিয়েছেন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। ভোটের কয়েক সপ্তাহ আগে নিজের বাড়িতে তল্লাশির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বলে জানান ইলহান ওমর। মিনিয়াপোলিসকেন্দ্রিক ডেমোক্রেটিক পার্টির শক্তিশালী নির্বাচনী এলাকা থেকে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আসনটিতে তাঁর জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

ইলহান ওমরের বর্ণনা অনুযায়ী, ভোর প্রায় ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি দরজায় তদন্তকারীদের কড়া নাড়ার শব্দ শুনতে পান। পরে হোমল্যান্ড সিকিউরিটির তদন্তকারীরা পরোয়ানা নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালান।

প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে চলা অভিযানে ১৭টি জিনিস জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীর মধ্যে ছিল কয়েকটি ফোন, নোটবুক, সোমালি ভাষায় লেখা শিশুদের একটি বই এবং তাঁর স্বামীর উপহার দেওয়া একটি পুরোনো ক্যামেরা।

তল্লাশির সময় তদন্তকারীদের আচরণ সম্পর্কে ইলহান ওমর বলেন, তাঁদের আচরণে অনধিকার প্রবেশের অনুভূতি হলেও তাঁরা ভদ্র ছিলেন। তদন্তকারীরা জব্দ করা জিনিসপত্রের তালিকা তৈরি করেন এবং অন্যান্য সামগ্রী আগের জায়গায় রেখে যান।

এদিকে, তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সংস্থাটি শুধু জানিয়েছে, ঘটনাটি একটি ফৌজদারি তদন্তের অংশ।

ইলহান ওমর ১২ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন। এর আগে তাঁর পরিবার আশ্রয় পাওয়ার অনুমতি পেয়েছিল। ২০০০ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন।

অভিবাসন জালিয়াতির অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে ইলহান ওমর বলেন, ১২ বছর বয়সী একটি শিশুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অভিবাসন কর্তৃপক্ষকে কৌশলে বিভ্রান্ত করার ষড়যন্ত্রের অভিযোগ তোলা বড় ধরনের উদ্যোগ হবে। তাঁর ভাষায়, অনেক বুদ্ধিমান ১২ বছর বয়সী শিশু থাকতে পারে, তবে বিষয়টি বিশ্বাস করা কঠিন।

ইলহান ওমরের বাড়িতে তল্লাশির ঘটনায় কংগ্রেসের ডেমোক্রেটিক সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নির্বাচনের এত কাছাকাছি সময়ে এ ধরনের পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ঐতিহাসিকভাবে নির্বাচনের ঠিক আগমুহূর্তে প্রার্থীদের বিরুদ্ধে প্রকাশ্য তদন্তমূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থেকেছে। ফলে নির্বাচনের আগে এই তল্লাশির ঘটনা রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি করেছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এমএস নাউ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ