মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ১৩৫ কোটি ৩২ লাখ টাকা ঋণখেলাপির মামলায় বন্ধ হয়ে যাওয়া মোবাইল অপারেটর সিটিসেলের মূল প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) শীর্ষ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে এ অভিযান চালানো হচ্ছে। পরোয়ানাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী […]
ছবি: সংগৃহীত
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ১৩৫ কোটি ৩২ লাখ টাকা ঋণখেলাপির মামলায় বন্ধ হয়ে যাওয়া মোবাইল অপারেটর সিটিসেলের মূল প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) শীর্ষ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে এ অভিযান চালানো হচ্ছে। পরোয়ানাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।
ঋণ আদায়ের লক্ষ্যে এমটিবি ২০১৮ সালের ৫ জুলাই ঢাকার অর্থঋণ আদালতে পিবিটিএলের বিরুদ্ধে মামলা করে। মামলা নম্বর ৫২১/২০১৮। এতে পিবিটিএলসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়। তাঁদের মধ্যে বিদেশি ইক্যুইটি অংশীদার ও করপোরেট গ্যারান্টর হিসেবে সিংটেল এশিয়া প্যাসিফিক ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, ফার ইস্ট টেলিকম লিমিটেড এবং প্যাসিফিক মোটরস লিমিটেডও রয়েছে।
দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়া চলার পর ২০২৬ সালের ১৩ মে ঢাকার অর্থঋণ আদালত-৭-এর বিচারক মো. ফরিদ উদ্দিন এমটিবির পক্ষে পিবিটিএলের বিরুদ্ধে রায় ও ডিক্রি দেন।
আদালতের নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় ডিক্রি অনুযায়ী ১৩৫ কোটি ৩২ লাখ টাকা আদায়ের জন্য গত ২৭ জুলাই অর্থজারি মামলা করে এমটিবি। মামলাটির নম্বর ৮১০/২০২৬। পরে ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পিবিটিএলের শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪(১) ধারা অনুযায়ী দেওয়ানি আটকাদেশ কার্যকরের অংশ হিসেবে যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তাঁরা হলেন—পিবিটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, পরিচালক নাসরিন খান, পরিচালক আসগর করিম এবং ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও জামিনদার মো. ফরিকুল হাসান।
আদালতের নির্দেশনা অনুযায়ী পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে গত ২ নভেম্বর গুলশান থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় পিবিটিএলের পরিচালক আসগর করিমের গুলশানের বাসায় গিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। তবে বাড়ির কেয়ারটেকার পুলিশকে জানান, ওই সময় তিনি বাসায় ছিলেন না।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায় বাস্তবায়নে আগামী ১৮ নভেম্বরের আগেই পরোয়ানাভুক্ত কর্মকর্তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে।