দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ক্রমে ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিত নয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে এটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। তাঁর ভাষায়, ‘এটা নিম্নচাপ […]
ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ক্রমে ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিত নয়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে এটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। তাঁর ভাষায়, ‘এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।’
সম্ভাব্য গতিপথ সম্পর্কে তিনি বলেন, নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি কোন দিকে অগ্রসর হবে, তা আরও স্পষ্ট হবে। এখন পর্যন্ত এর সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে রয়েছে। তবে নিম্নচাপ সৃষ্টি না হওয়া পর্যন্ত গতিপথ সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়া কঠিন।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।